রবিবার, ১৬ আগস্ট ২০২৬

বিষের বোতল হাতে সৌদিপ্রবাসীর বাড়ির সামনে তরুণীর অনশন


বিয়ের দাবিতে সৌদিপ্রবাসী এক যুবকের বাড়ির সামনে গিয়ে অনশন শুরু করেন এক তরুণী। এ সময় তাঁর হাতে ছিল বিষের বোতল। বিয়ে না করলে আত্মহত্যা করার হুমকিও দেন তিনি। প্রায় ১২ ঘণ্টা অবস্থানের পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় ওই তরুণীকে বিয়ে করেন যুবকটি।

ঘটনাটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি গ্রামে। শুক্রবার রাত ১১টার দিকে ওই তরুণী যুবকের বাড়ির প্রধান ফটকের সামনে গিয়ে অবস্থান নেন। শনিবার বেলা ১১টার দিকে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সৌদিপ্রবাসী ওই যুবকের সঙ্গে তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তবে সম্পর্কের পরও বিয়ে না হওয়ায় ক্ষুব্ধ হয়ে শুক্রবার রাতে তিনি যুবকের বাড়ির সামনে চলে যান। সেখানে বসে কান্নাকাটি করতে থাকেন এবং বিয়ের দাবি জানান।

একপর্যায়ে তাঁর হাতে থাকা বিষের বোতল দেখিয়ে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেওয়ার বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়লে ওই বাড়ির সামনে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে স্থানীয় মাতবর ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে তাঁরা উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। দীর্ঘ আলোচনার পর শনিবার বেলা ১১টার দিকে ওই তরুণী ও সৌদিপ্রবাসী যুবকের বিয়ে সম্পন্ন হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাহাতাব মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার রাত ১১টার দিকে ওই তরুণী বিয়ের দাবিতে যুবকের বাড়ির সামনে অনশন শুরু করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় শনিবার বেলা ১১টার দিকে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। তবে শনিবার তাঁদের বিয়ে হয়েছে বলে তিনি শুনেছেন।

প্রায় ১২ ঘণ্টার অবস্থান ও অনশনের পর বিয়ের মধ্য দিয়ে ঘটনার সমাপ্তি হলেও বিষের বোতল হাতে আত্মহত্যার হুমকির বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন