সোমবার, ৩১ আগস্ট ২০২৬

জুরাইনে মাদরাসার ছাদ থেকে পড়ে ১০ বছরের শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর পশ্চিম জুরাইনে একটি হেফজ মাদরাসার ছাদ থেকে পড়ে মোহাম্মদ ইয়ামিন (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম জুরাইনের তাসফিলুল কোরআন হেফজ মাদরাসায় এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদরাসার প্রিন্সিপাল ফেরদৌস আহমেদ জানান, ইয়ামিন মাদরাসার হেফজ বিভাগে পড়াশোনা করত। তার বাড়ি রাজধানীর কদমতলীর মোহাম্মদবাগ এলাকায়। তার বাবার নাম রফিকুল ইসলাম।

তিনি বলেন, গত বুধবার মাদরাসা ছুটির পর ইয়ামিন বাসায় চলে যায়। এরপর সে আর মাদরাসায় আসেনি। ইয়ামিন মাদরাসায় আসতে না চাওয়ায় তার বাবা তাকে বুঝিয়ে মাদরাসায় নিয়ে আসার জন্য প্রিন্সিপালকে ফোন করেছিলেন। তবে পরে তিনি আর ইয়ামিনকে আনতে বাসায় যাননি।

প্রিন্সিপাল আরও জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে ইয়ামিনের নানী তাকে মাদরাসায় দিয়ে যান। এর কিছুক্ষণ পর ইয়ামিন কৌশলে ছাদের গেটের চাবি নিয়ে ছাদে চলে যায়। পরে খবর পাওয়া যায়, সে ছাদ থেকে নিচে পড়ে গেছে। মাদরাসার শিক্ষকরা ভবনের নিচ থেকে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, ইয়ামিনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় বিস্তারিত জানতে কদমতলী থানা পুলিশ তদন্ত করছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন