বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

যাত্রাবাড়ীতে ডাকাতির ঘটনায় বৃদ্ধের মৃত্যু, আহত স্ত্রী হাসপাতালে

রাজধানীর যাত্রাবাড়ীতে ডাকাতির ঘটনায় ইসমাইল হোসেন (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী সালেহা বেগম (৭৫)।

মঙ্গলবার (৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকার ৭৬/২/ই নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

নিহতের মেয়ে সালমা জানান, যাত্রাবাড়ীর পাঁচতলা বাড়িটি তাদের নিজেদের। এর দোতলায় বসবাস করতেন তার বাবা-মা। সালমা নিজে থাকেন রায়েরবাগে। তিনি বলেন, “ভোরে আমাদের বাসার ২য় তলার গ্রিল কেটে একদল ডাকাত ঢোকে। তারা বাবা-মাকে মারধর ও জিম্মি করে ঘরে লুটপাট চালায়। একপর্যায়ে ডাকাতরা চলে গেলে খবর পেয়ে আমরা বাবা-মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।”

গুরুতর আহত অবস্থায় ওই দম্পতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সকাল সাড়ে ৬টায় ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন। সালেহা বেগমের ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

নিহতের মেয়ে সালমা জানান, ডাকাতরা স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন