রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

সৌদি আরবের প্রতিরক্ষা জোরদারে সেনা মোতায়েন পাকিস্তানের

উদ্ভূত নিরাপত্তা উদ্বেগের মধ্যে সৌদি আরবে সেনা মোতায়েন করেছে পাকিস্তান। দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা কাঠামোর আওতায় সেনা মোতায়েনের অংশ হিসেবে শনিবার (২৮ নভেম্বর) বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

রোববার (২৯ নভেম্বর) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাতে জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে আইএসপিআর জানায়, সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের অবিচল অঙ্গীকারের প্রতিফলন এই সেনা মোতায়েন। দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্ব ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হারামাইন শরিফাইনের পবিত্রতা রক্ষার অঙ্গীকার

বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের নিরাপত্তা এবং হারামাইন শরিফাইনের পবিত্রতা রক্ষায় পাকিস্তান অবিচল রয়েছে। হারামাইন শরিফাইন বলতে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ—মসজিদুল হারাম ও মসজিদে নববিকে বোঝানো হয়েছে।

আইএসপিআর জানায়, সেনারা দুই দেশের পারস্পরিক অঙ্গীকার এবং প্রতিরক্ষা সহযোগিতার প্রতিষ্ঠিত কাঠামোর আওতায় তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।

বিবৃতিতে আরও বলা হয়, উদ্ভূত নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে এ সেনা মোতায়েন সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদারে ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাশে থাকার পাকিস্তানের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত হয়েছে।

বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী

সেনা মোতায়েন উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।

এ ছাড়া অনুষ্ঠানে পাকিস্তানে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. রাজেহ তামি আল-বুগামি, চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল উমর আহমেদ বোখারি এবং লাহোর কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ উমর বশির উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন