গণনৃশংসতার ঘটনায় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো প্রয়োগে সংযমের উদ্যোগে অঙ্গীকার
গণহত্যার মতো ভয়াবহ নৃশংসতার ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার লক্ষ্যে নেওয়া ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেওয়ার অঙ্গীকার করেছে বাংলাদেশ।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতি অনুযায়ী, বৃহস্পতিবার প্যারিসে ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোটের সঙ্গে বৈঠকে এ অঙ্গীকার করেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান।
ভেটো প্রয়োগে সংযমের উদ্যোগ
বৈঠকে খলিলুর রহমান জানান, গণনৃশংসতার সঙ্গে জড়িত পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার প্রয়োগ নিয়ন্ত্রণে ফরাসি-মেক্সিকান উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে বাংলাদেশ।
এই উদ্যোগের লক্ষ্য হলো, বড় ধরনের নৃশংসতার ঘটনায় জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের প্রয়োজন হলে নিরাপত্তা পরিষদ যেন অচল হয়ে না পড়ে। এ জন্য সংশ্লিষ্ট পরিস্থিতিতে স্থায়ী সদস্যদের স্বেচ্ছায় ভেটো প্রয়োগ থেকে বিরত থাকা বা সংযম দেখানোর আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রীদ্বয় উদ্যোগটি এগিয়ে নেওয়া এবং এর পক্ষে ব্যাপক আন্তর্জাতিক সমর্থন তৈরিতে জাতিসংঘ সাধারণ পরিষদের মধ্যে নিজেদের প্রচেষ্টা সমন্বয়ের বিষয়েও আলোচনা করেন।
রোহিঙ্গা পরিস্থিতি ও জবাবদিহিতা
বৈঠকে উভয় পক্ষ কার্যকর বহুপাক্ষিকতাবাদ শক্তিশালী করা এবং আন্তর্জাতিক সংকট ও সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে জাতিসংঘ সাধারণ পরিষদে চলমান প্রচেষ্টা নিয়েও আলোচনা করে।
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের পর দায়মুক্তি রোধে উভয় পক্ষ তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
আলোচনায় আন্তর্জাতিক আইনের অধীনে জবাবদিহিতা নিশ্চিত করা এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বহুপক্ষীয় পদক্ষেপ জোরদারের বিষয়ে দুই দেশের অভিন্ন আগ্রহের প্রতিফলন ঘটেছে।
দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের আলোচনা
বিবৃতিতে আরও বলা হয়েছে, অর্থনীতি, সংস্কৃতি, একাডেমিক বিনিময় ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও ফ্রান্স।

