চাঁদপুর কোর্ট স্টেশনে আগুন নিয়ন্ত্রণে আনেন ট্রেনের কর্মী ও যাত্রীরা, হতাহতের খবর নেই
চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লেগে দুটি আসন পুড়ে গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে চাঁদপুরের কোর্ট স্টেশনে এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ট্রেনে থাকা রেলের কর্মী ও যাত্রীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি হয়নি বলে জানিয়েছেন চাঁদপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মারুফ হোসাইন।
শেষ বগি থেকে বের হচ্ছিল ধোঁয়া
রেলের কর্মীদের বরাতে স্টেশন মাস্টার মারুফ হোসাইন বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর কোর্ট স্টেশনে পৌঁছানোর পর শেষ গন্তব্য বড় স্টেশনের উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ট্রেনের সর্বশেষ বগি থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখেন স্টেশনে থাকা লোকজন।
পরে ট্রেনের কর্মী, যাত্রী ও স্থানীয়রা দ্রুত পানি দিয়ে আগুন নেভান। এতে বগিটির দুটি আসন পুড়ে গেলেও আগুন আর ছড়িয়ে পড়েনি।
স্টেশন মাস্টার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত বগিটি পরিদর্শন করে। নির্ধারিত সময় অনুযায়ী ভোর ৫টায় বগিটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
আগুনের সূত্রপাত তদন্ত করছে পুলিশ
চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মেঘনা এক্সপ্রেসের সময়সূচি
মেঘনা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন ভোর ৫টায় চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। পরে চট্টগ্রাম থেকে বিকেল সোয়া ৫টায় ছেড়ে রাত ১০টার দিকে চাঁদপুরে পৌঁছায়।

