গভীর রাতে অগ্নিকাণ্ড; নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করে স্বেচ্ছাসেবক দল নেতার পোস্ট, মামলা করবে পুলিশ
রাজশাহী নগরের একটি গ্যারেজে আগুনে পুড়ে গেছে একটি বাস। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শাহমখদুম থানার দরগা খানকা শরিফ মোড় এলাকার রাজ্জাকের গ্যারেজে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। তবে ততক্ষণে বাসটি পুড়ে যায়।
নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করে পোস্ট
এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন শাহমখদুম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মমিনুল ইসলাম আতিফ। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাসটিতে আগুন দিয়েছে।’
অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত নয় পুলিশ
তবে বাসটিতে অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, ধারণা করা হচ্ছে, বাসটিতে অগ্নিসংযোগ করা হয়েছে। গভীর রাতে সবাই ঘুমিয়ে থাকায় কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে কোনো আলামতও উদ্ধার করা যায়নি।
ওসি আরও বলেন, এ ঘটনায় মামলা করা হবে। বাসের মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাকে থানায় আসতে বলা হয়েছে। তিনি থানায় এলে মামলা নেওয়া হবে।

