শিক্ষার মাধ্যমে মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক ও দক্ষ মানুষ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, বড় বড় ভবন বা অবকাঠামো নির্মাণের চেয়ে মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে সরকার।
শিক্ষা খাতে বরাদ্দকে কোনো খরচ হিসেবে না দেখে মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বৃহস্পতিবার রাতে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর ২০২৬-২০২৮ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষার লক্ষ্য ভালো মানুষ ও দক্ষ কর্মী তৈরি
মাহদী আমিন বলেন, এই বিনিয়োগের মূল লক্ষ্য মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক ও দক্ষ মানুষ গড়ে তোলা। শিক্ষার দুটি মূল উদ্দেশ্য রয়েছে। প্রথমত, সামাজিক ও পারিবারিক মূল্যবোধ ধারণ করে দেশ ও মানুষের জন্য কাজ করবেন—এমন সুনাগরিক তৈরি করা। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের এমন দক্ষতা ও যোগ্যতা তৈরি করা, যাতে তারা চাকরি কিংবা উদ্যোক্তা হিসেবে স্বনির্ভর হতে পারে। সহজ কথায়, শিক্ষার মাধ্যমে ‘ভালো মানুষ’ ও ‘কাজের মানুষ’ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
তিনি বলেন, বর্তমান সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রতিনিধিত্ব করছে। প্রধানমন্ত্রী সরকার গঠনের পরই নয়, নির্বাচনী প্রচারণার সময়ও বারবার শিক্ষার কথা বলেছেন। জাতিসংঘেও শিক্ষাবিষয়ক রূপকল্প তুলে ধরেছেন।
মাহদী আমিন আরও বলেন, ১৯৮৮ সাল থেকে তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা থেকে সাধারণ ও খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী।
পাঠ্যক্রমে নতুন বিষয় যুক্ত হচ্ছে
নতুন উদ্যোগ ও সংস্কারের প্রসঙ্গে মাহদী আমিন জানান, চতুর্থ শ্রেণিতে সংস্কৃতি ও ক্রীড়া এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও কারিগরি শিক্ষাসহ নতুন চারটি বিষয় যুক্ত হচ্ছে।
পাশাপাশি উচ্চশিক্ষায় ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা বাড়ানো, কারিকুলাম আরও ব্যবহারিক করা এবং মূল্যায়ন পদ্ধতিকে আরও নির্মোহ করার কাজ চলছে।
এ ছাড়া মিড-ডে মিল কর্মসূচি এবং প্রথম শ্রেণি থেকেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে নেওয়ার লক্ষ্য
বাজেট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা খাতে জিডিপির বরাদ্দ ধারাবাহিকভাবে ৫ শতাংশে নেওয়ার লক্ষ্যে প্রথম বছরেই প্রায় ২ শতাংশ করা হয়েছে।
তিনি বলেন, বড় বড় ভবন বা অবকাঠামো নির্মাণের চেয়ে মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো, শিক্ষা কার্যক্রমে যুক্ত কর্মকর্তাদের পাশে থাকা এবং শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একযোগে কাজ করবে।
সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা চাইলেন
গণমাধ্যমকে জাতির ‘দর্পণ’ উল্লেখ করে মাহদী আমিন সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের চলার পথে কোনো ভুলভ্রান্তি হলে গণমাধ্যমকর্মীদের কাছ থেকে যৌক্তিক ও বস্তুনিষ্ঠ সমালোচনা প্রত্যাশা করছি।
দীর্ঘদিন ধরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়ে কাজ করা সাংবাদিকদের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রণালয় কীভাবে চলে এবং এর ভেতরের কার্যক্রম কীভাবে সম্পাদিত হয়, সে বিষয়ে সাংবাদিকদের গভীর ধারণা রয়েছে। সরকারের ভালো উদ্যোগগুলো বাস্তবায়নে তথ্য-উপাত্ত ও ইতিবাচক পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা
ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইরাবের সাবেক সভাপতি সাব্বির নেওয়াজ, নিজামুল হক ও ফারুক হোসাইন, বর্তমান সাধারণ সম্পাদক সোলাইমান সালমান, কোষাধ্যক্ষ নাজিউর রহমান সোহেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

