শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সৌদি-হুতি সংঘাতের তীব্রতা বাড়ছে, তেল স্থাপনা ও বন্দরে পাল্টাপাল্টি হামলা

সৌদি আরবের জাজান ও রাস তানুরার তেল স্থাপনা এবং রিয়াদের গুরুত্বপূর্ণ ভবনে হামলার দাবি করেছে হুতিরা। জবাবে ইয়েমেনের সানা, হোদেইদা ও সাদা প্রদেশে ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

সৌদি আরব ও ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাতের তীব্রতা ক্রমেই বাড়ছে। তেল অবকাঠামো, সমুদ্রবন্দর ও কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান প্রদেশের একটি তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল আঘাত হানে। এতে নেপালের এক কর্মী নিহত এবং বেশ কয়েকজন আহত হন। হামলার পর স্থাপনাটিতে আগুন ধরে যায় এবং সাময়িকভাবে কিছু কার্যক্রম বন্ধ রাখা হয়।

রাস তানুরা তেল স্থাপনায় হামলা

এর এক দিন আগে সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় হামলার দাবি করে হুতিরা। বুধবার ধারণ করা স্যাটেলাইট চিত্রে উপকূলীয় ওই এলাকা থেকে আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

হুতি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর দাবি, হামলায় সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত রাস তানুরা স্থাপনায় আগুন ধরে যায়। এটি বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনালের অংশ।

বৃহস্পতিবার সিএনএনকে জাহাজ চলাচল-সংশ্লিষ্ট এক সূত্র জানায়, হামলার পর টার্মিনালটিতে তেল জাহাজীকরণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে তা আবার চালু হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রাস তানুরার আকাশসীমায় চারটি ড্রোন শনাক্ত করে সেগুলো ভূপাতিত করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়লেও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাস তানুরা শোধনাগারের দৈনিক পরিশোধন সক্ষমতা ৫ লাখ ৫০ হাজার ব্যারেল। বৃহত্তর এই স্থাপনা কমপ্লেক্সের অংশ হিসেবে সৌদি আরবের প্রধান অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনালও রয়েছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর আগে এটি দেশটির তেল রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল।

এ বিষয়ে মন্তব্য জানতে সিএনএন সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি।

রিয়াদের গুরুত্বপূর্ণ স্থাপনাতেও হামলার দাবি

এদিকে বুধবার রিয়াদের কিং আবদুল্লাহ ইকোনমিক সিটিতে হামলার দায়ও স্বীকার করেছে হুতিরা। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় ১১ জন আহত হয়েছেন।

সিএনএনকে এক প্রত্যক্ষদর্শী জানান, হামলার লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত আকাশচুম্বী ভবনটির ভেতরেই সৌদি আরবের এক ট্রিলিয়ন ডলারের সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর অবস্থিত।

পরে বুধবার সৌদি নেতৃত্বাধীন জোট এক বিবৃতিতে জানায়, হুতিদের ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয়েছে। এ ঘটনার ‘কঠোর জবাব’ দেওয়ারও হুঁশিয়ারি দেয় জোটটি।

ইয়েমেনে সৌদি জোটের অভিযান জোরদার

অন্যদিকে ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে হামলা জোরদার করেছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী।

বৃহস্পতিবার জোটটি জানায়, হুতিদের সামরিক সক্ষমতা ধ্বংস করতে তারা একটি ‘নির্ভুল সামরিক অভিযান’ পরিচালনা করেছে। এ অভিযানে সানা, হোদেইদা ও সাদা প্রদেশজুড়ে ৫০টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। এসব স্থাপনাকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু বলে দাবি করেছে জোটটি।

এর এক দিন আগে হুতি-নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে তাদের ‘অপারেশনাল সক্ষমতা’ লক্ষ্য করে হামলা চালানোর কথা জানায় সৌদি নেতৃত্বাধীন জোট। একই সঙ্গে সাদা ও আমরান প্রদেশের বিভিন্ন লক্ষ্যবস্তুতেও হামলা চালানো হয়।

অন্যদিকে হুতি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর দাবি, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র দিয়ে মোট ১০৯টি হামলা চালানো হয়েছে। এসব হামলার মধ্যে রাজধানী সানা ও হোদেইদা এলাকাও রয়েছে।

বেসামরিক হতাহতের দাবি হুতিদের

এদিকে সানাভিত্তিক হুতি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি হামলায় অন্তত ১৯ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন।

তবে হামলা ও হতাহতের বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোট এবং হুতিদের দেওয়া এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন