পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের ‘বাংলাদেশ দখলের’ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি অর্জুন সিংকে রাজ্য মন্ত্রিসভা থেকে অবিলম্বে অব্যাহতি দেওয়ার দাবি জানান। একই সঙ্গে ওই বক্তব্য প্রত্যাহার করে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের কথা বলেন। বাংলাদেশে হিন্দু হত্যার অভিযোগ তুলে এর প্রতিশোধ নেওয়ার কথাও বলেন তিনি।
নাহিদ ইসলাম তাঁর পোস্টে বলেন, মুক্তিযুদ্ধে লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর এ বক্তব্য সরাসরি আঘাত। দায়িত্বশীল পদে থেকে এমন মন্তব্য করা বাংলাদেশের জনগণের আত্মমর্যাদার প্রতি চরম অবমাননা বলে তিনি উল্লেখ করেন।
এ ঘটনার পর ঢাকা ও দিল্লির ভূমিকারও সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তাঁর দাবি, বক্তব্যের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ভারত সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায়নি। দিল্লির এই নীরবতা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ভারত সরকারের শ্রদ্ধা নিয়ে প্রশ্ন আরও জোরালো করেছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও কোনো দৃশ্যমান কূটনৈতিক উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম।
শেখ হাসিনার শাসনামলে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কে একতরফা সুবিধা পেয়েছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সেই পরিস্থিতি আর ফিরে আসবে না। ন্যায্য অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ।
নাহিদ ইসলাম আরও বলেন, অন্য পক্ষকে ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা ভারতের অখণ্ডতাকেও ঝুঁকিতে ফেলতে পারে। বাংলাদেশের স্বার্থবিরোধী যেকোনো তৎপরতা মোকাবিলায় দেশের জনগণ প্রস্তুত বলে তিনি পোস্টে উল্লেখ করেন।

