শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সৌদি আরবে আরামকোসহ জ্বালানি ও সামরিক স্থাপনায় হামলার দাবি হুতিদের

রিয়াদ, খামিস মুশাইত ও ইয়ানবুর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি; তিনটি ড্রোন ভূপাতিতের কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট

সৌদি আরবে আবারও হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির রাজধানী রিয়াদে সৌদি আরামকোর একটি স্থাপনা, খামিস মুশাইত বিমানঘাঁটি, ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের পাম্পিং স্টেশনসহ বিভিন্ন জ্বালানি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে গোষ্ঠীটি। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রিয়াদ অভিমুখী ড্রোনসহ পূর্বাঞ্চলে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

বিভিন্ন স্থাপনায় হামলার দাবি হুতিদের

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, রিয়াদে সৌদি আরামকোর একটি স্থাপনা, খামিস মুশাইত বিমানঘাঁটি এবং শরুরাহ বিমানবন্দরে সামরিক কার্গো উড়োজাহাজ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এ ছাড়া ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের পাম্পিং স্টেশন ও ইয়ানবুর তেল স্থাপনাতেও হামলার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠীটি।

অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রিয়াদ অভিমুখে হুতিদের ছোড়া ড্রোন এবং দেশটির পূর্বাঞ্চলে আরও কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে অন্তত তিনটি ড্রোন ধ্বংসের দাবি করেছে জোটটি। তবে এসব ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ইয়েমেনের বিভিন্ন রণাঙ্গনে সংঘর্ষ

এদিকে, হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করতে বৈঠক করেছে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির সরকারি বাহিনীর দাবি, উত্তরাঞ্চলসহ আল-জাওফ, মারিব, আল-বাইদা ও তাইজের বিভিন্ন রণাঙ্গনে হুতিদের সঙ্গে তাদের লড়াই অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে সরকারি বাহিনীর মুখপাত্র জানান, এসব অভিযানে বিমান, ড্রোন ও রকেট হামলার পাশাপাশি গোলাবর্ষণও করা হচ্ছে। এতে হুতিদের দুই শতাধিক যোদ্ধা হতাহত হয়েছে বলে দাবি করেছে সরকারি বাহিনী।

নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল জাতিসংঘ

এমন পরিস্থিতিতে ইয়েমেনের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের ওপর আর্থিক লেনদেন ও ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ সর্বসম্মতিক্রমে বাড়িয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন