শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

‘ফ্রিজ সামলাতে পারে না, অন্যকে দোষ দেয়’, ফ্রান্সকে আরাঘচির কটাক্ষ

৭০০টির বেশি সুপারশপে সাইবার হামলার জন্য আইআরজিসিকে দায়ী করার পর পাল্টা বক্তব্য তেহরানের

ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলার জন্য ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) দায়ী করার পর প্যারিসকে কটাক্ষ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ফ্রান্স নিজেদের ফ্রিজও সামলাতে পারে না, অথচ অন্যদের বিরুদ্ধে অভিযোগ তুলছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফারসি ভাষায় দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্সের সমালোচনা করে। বুধবার প্রকাশিত ওই পোস্টে বলা হয়, ফ্রান্স সরকার নিজেদের জনগণের বিক্ষোভ সামাল দিতে পারছে না, এমনকি ফ্রিজের ব্যবস্থাপনাও করতে পারছে না। নিজেদের অযোগ্যতা আড়াল করতেই অন্যদের দোষারোপ করছে দেশটি।

গাজা প্রসঙ্গ টেনে ফ্রান্সকে আক্রমণ

পোস্টে আরও বলা হয়, ‘আমরা শক্তিশালী। তবে ফ্রান্সের মতো গাজায় গণহত্যায় সমর্থন দেওয়া কিংবা স্কুল ও হাসপাতালে বোমা হামলার মাধ্যমে আমরা আমাদের শক্তি প্রদর্শন করি না।’

এর কয়েক ঘণ্টা আগে একই ধরনের বক্তব্য দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইংরেজিতে দেওয়া এক মন্তব্যে তিনি বলেন, নিজেদের ব্যর্থতার দায় অন্যদের ওপর চাপানোর চেষ্টা করছে ফ্রান্স।

৭০০টির বেশি সুপারশপে সাইবার হামলার অভিযোগ

মঙ্গলবার ফ্রান্সের পক্ষ থেকে দেশটির শত শত সুপারশপে সাইবার হামলার জন্য ‘শহিদ কাভেহ’ নামের একটি সাইবার ইউনিটকে দায়ী করা হয়। ফরাসি কর্তৃপক্ষের দাবি, আক্রমণাত্মক সাইবার কার্যক্রম পরিচালনাকারী এই ইউনিটটির সঙ্গে আইআরজিসির সংশ্লিষ্টতা রয়েছে।

ফ্রান্সের অভিযোগ অনুযায়ী, গত ১১ ও ১২ অক্টোবর দেশটির ৭০০টির বেশি খুচরা বিক্রয়কেন্দ্রের রেফ্রিজারেশন বা হিমায়নব্যবস্থায় সাইবার হামলা চালানো হয়। এতে কয়েকটি স্থানে আগুন লাগে এবং কয়েক কোটি ইউরো মূল্যের খাদ্যপণ্য নষ্ট হয়ে যায়।

অভিযোগের পর পাল্টা বক্তব্য তেহরানের

ফরাসি কর্তৃপক্ষের এসব অভিযোগের পরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্রমন্ত্রী পাল্টা বক্তব্য দেন। তাঁরা ফ্রান্সের অভ্যন্তরীণ পরিস্থিতি ও কথিত ব্যর্থতার প্রসঙ্গ তুলে দেশটির সমালোচনা করেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন