সরকারি নীতি ও অর্থনৈতিক পরিস্থিতির প্রতিবাদ ঘিরে যোগকার্তায় পুলিশের সঙ্গে সংঘর্ষ
ইন্দোনেশিয়ার যোগকার্তা শহরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনায় ১৫৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার পুলিশের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা, ভয়াবহ দাবানল মোকাবিলায় পদক্ষেপ এবং স্থবির মজুরি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে যোগকার্তায় সংঘর্ষের ঘটনা ঘটে।
জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পার্লামেন্ট ভবনের কাছে সংঘর্ষ
পুলিশ বুধবার এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে অন্তত ১০০ বিক্ষোভকারী যোগকার্তার পার্লামেন্ট ভবনের কাছে জড়ো হন। এ সময় তাঁরা ভবন লক্ষ্য করে পটকা, পাথর ও পেট্রোলবোমা নিক্ষেপ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ কৌশলগত যানবাহন মোতায়েন করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। ঘটনাস্থল থেকে ছয়টি পেট্রোলবোমা, ১২টি পটকাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এএফপির এক প্রতিবেদক জানান, মঙ্গলবার গভীর রাতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।
আটক ১৫৪ জন, তদন্তের ঘোষণা
যোগকার্তা পুলিশের মুখপাত্র নোভিতা একা সারি জানান, সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ১৫৪ জনকে আটক করা হয়েছে।
জাতীয় পুলিশপ্রধান সুয়ুদি আরিও সেতো বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন।
সুয়ুদি বলেন, ‘ইচ্ছাকৃতভাবে ভাঙচুরের চেষ্টা করা হয়েছিল কি না, কিংবা এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে।’
মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ
এর আগে মঙ্গলবার সকালে যোগকার্তার গভর্নরের কার্যালয়ের কাছে কয়েকশ মানুষ জড়ো হয়ে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেন। তবে দিনের শেষভাগে সংঘর্ষ শুরু হওয়ার আগেই তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন।
এদিকে, ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়াতেও বিক্ষোভ করেন সাধারণ মানুষ। দাবানল, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন ইস্যুতে তাঁরা প্রতিবাদ জানান।

