অনুসরণ করুন:
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাজধানীর খিলক্ষেতের কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (প্রায় ৪০) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুড়িল বিশ্বরোডের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রেলওয়ে থানার কনস্টেবল মো. সাজবীর জানান, কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন পার হওয়ার সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন