বৈশ্বিক উষ্ণতায় চরম আবহাওয়া আরও ঘন ঘন ও ভয়াবহ হচ্ছে, বলছে বিজ্ঞানীদের গবেষণা
বিশ্বজুড়ে আবহাওয়া ক্রমেই চরমভাবাপন্ন হয়ে উঠছে। তাপপ্রবাহ, খরা, দাবানল কিংবা বন্যার মতো দুর্যোগ আগের তুলনায় ঘন ঘন ঘটছে এবং সেগুলোর ভয়াবহতাও বাড়ছে। বিজ্ঞানীদের মতে, মানুষের কর্মকাণ্ড, বিশেষ করে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সৃষ্ট বৈশ্বিক উষ্ণতা এই পরিবর্তনের অন্যতম প্রধান কারণ।
ক্রমবর্ধমান তাপমাত্রা কীভাবে চরম আবহাওয়ার ঘটনা ও দুর্যোগের সংখ্যা এবং তীব্রতা বাড়িয়ে দিচ্ছে, তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।
তীব্রতর ও দীর্ঘস্থায়ী হচ্ছে তাপপ্রবাহ
কোনো অঞ্চলের গড় তাপমাত্রা সামান্য বাড়লেও প্রতিদিনের তাপমাত্রার ওঠানামায় বড় প্রভাব পড়ে। দৈনিক তাপমাত্রা বাড়তে থাকলে অতিরিক্ত গরমের দিনের সংখ্যা বাড়ে। একই সঙ্গে এসব দিনের তাপমাত্রাও আরও তীব্র হয়ে ওঠে।
কোনো নির্দিষ্ট চরম আবহাওয়ার ঘটনা ঘটার পেছনে জলবায়ু পরিবর্তনের ভূমিকা বুঝতে বিজ্ঞানীরা কম্পিউটার মডেলের সাহায্যে দুটি পরিস্থিতির তুলনা করেন। প্রথম পরিস্থিতিতে মানবসৃষ্ট কারণে প্রাক্-শিল্পায়ন যুগের তুলনায় বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করা হয়। দ্বিতীয় পরিস্থিতিতে এমন একটি পৃথিবী কল্পনা করা হয়, যেখানে জলবায়ুর ওপর মানুষের কোনো প্রভাব নেই।
এভাবে তাপপ্রবাহ, ঝড় কিংবা খরার মতো চরম আবহাওয়ার ঘটনা ভয়াবহ হয়ে ওঠার পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাব কতটা, তা অনুমান করার চেষ্টা করেন বিজ্ঞানীরা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে যুক্তরাজ্য ইতিহাসের সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল পার করছে। দেশটির আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের গ্রীষ্ম দেখা দেওয়ার আশঙ্কা ১৩০ গুণ বেড়েছে।
এবারের গ্রীষ্মে যুক্তরাজ্যজুড়ে পাঁচ দফা বড় পরিসরে তাপপ্রবাহ বয়ে গেছে। এ সময় ৪০ দিন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।
যুক্তরাজ্যের আবহাওয়া অফিসের জলবায়ুর প্রভাব বিশ্লেষণ বিভাগের প্রধান মার্ক ম্যাকার্থি বলেন, ২০২৬ সালের গ্রীষ্মকাল ছিল ‘ব্যতিক্রমী’। বিশ্ব আরও উষ্ণ হতে থাকলে এ ধরনের চরম তাপপ্রবাহের ঘটনা বাড়বে।
ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন (ডব্লিউডব্লিউএ) গ্রুপের বিজ্ঞানীদের মতে, চলতি বছর বিশ্বের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া একাধিক তাপপ্রবাহকে আরও তীব্র করে তুলেছে জলবায়ু পরিবর্তন।
উদাহরণ হিসেবে তাঁরা বলছেন, অস্ট্রেলিয়ায় চলতি বছরের জানুয়ারিতে ছয় বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহ দেখা দেয়। ভারতে এপ্রিলজুড়ে গড় তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। জুনে ইউরোপেও বয়ে যায় প্রাণঘাতী তাপপ্রবাহ। এসব ঘটনার তীব্রতা বাড়াতে জলবায়ু পরিবর্তনের ভূমিকা রয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, ‘হিট ডোম’ বা উচ্চচাপ বলয়ের কারণেও চরম তাপপ্রবাহ সৃষ্টি হতে পারে। কোনো অঞ্চলে কয়েক দিন বা কয়েক সপ্তাহ ধরে উচ্চচাপ বলয় স্থির থাকলে এর নিচে উত্তপ্ত বাতাস আটকে পড়ে। ফলে ওই অঞ্চলের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
আর্কটিক অঞ্চলের তাপমাত্রা বৈশ্বিক গড় তাপমাত্রার তুলনায় প্রায় চার গুণ দ্রুত বাড়ছে। এর প্রভাবে বায়ুমণ্ডলের ওপরের স্তরে প্রবাহিত ‘জেট স্ট্রিম’ নামে পরিচিত দ্রুতগতির বায়ুপ্রবাহও প্রভাবিত হতে পারে। তাত্ত্বিকভাবে, এর ফলে হিট ডোম সৃষ্টির প্রবণতা বাড়তে পারে। তবে বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত নয়।
বৃষ্টিপাত বাড়িয়ে আনছে বিপর্যয়
বাতাসের তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বাড়লে বায়ুমণ্ডল প্রায় ৭ শতাংশ বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বৃষ্টিপাতের পরিমাণও বাড়তে পারে।
যুক্তরাজ্যের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত এক দশকে দেশটিতে শীতকালীন বৃষ্টিপাতের পরিমাণ ১৯৬১ থেকে ১৯৯০ সালের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি ছিল।
জাতিসংঘের জলবায়ুবিষয়ক সংস্থা আইপিসিসি জানিয়েছে, মানুষের কর্মকাণ্ডের কারণে পৃথিবীর অধিকাংশ স্থলভাগে আগের তুলনায় ভারি বৃষ্টিপাতের ঘটনা আরও ঘন ঘন ঘটছে এবং এর তীব্রতাও বাড়ছে।
২০২৫ সালের অক্টোবরে ক্যারিবীয় অঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় মেলিসা ইতিহাসের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল। ডব্লিউডব্লিউএ’র গবেষকেরা দেখেছেন, ওই ঝড়ের সময় বৃষ্টিপাতের তীব্রতা ১৬ শতাংশ বেড়েছিল। এর পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাব ছিল।
দীর্ঘস্থায়ী হচ্ছে খরা
জলবায়ু পরিবর্তনের সঙ্গে খরার সরাসরি সম্পর্ক নিশ্চিত করা কঠিন। কারণ পানির প্রাপ্যতা অনেকগুলো ভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে। এ ক্ষেত্রে এল নিনিয়োর মতো প্রাকৃতিক পরিস্থিতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন, ২০২৪ সালের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকায় দেখা দেওয়া খরার পেছনে এল নিনিয়োর প্রভাব ছিল।
তবে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বৃষ্টিপাতের ধরন বদলে যাচ্ছে। এতে বিশ্বের কিছু অঞ্চলে বৃষ্টিপাত বাড়লেও অন্য অঞ্চল ক্রমেই শুষ্ক হয়ে উঠছে। ফলে সেসব এলাকায় খরার ঝুঁকিও বাড়ছে।
এ ছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট তাপপ্রবাহ খরার পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে।
ইউরোপীয় ইউনিয়নের জয়েন্ট রিসার্চ সেন্টারের তথ্য বলছে, এবারের গ্রীষ্মে জলবায়ু পরিবর্তনজনিত তাপপ্রবাহ ইউরোপের খরা পরিস্থিতিকে আরও তীব্র করেছে। ইউরোপের গুরুত্বপূর্ণ চারটি নদী—লোয়ার, পো, রাইন ও দানিয়ুবের পানির স্তর রেকর্ড পরিমাণ নিচে নেমে গেছে।
এ ছাড়া ওয়েলস ও ইংল্যান্ডের দুই-তৃতীয়াংশ এলাকায় খরা দেখা দেয়। দক্ষিণ ইংল্যান্ডের কিছু এলাকায় ‘তীব্র খরা’ ঘোষণা করা হয়।
বিশ্বের অন্যান্য অঞ্চলও জলবায়ু পরিবর্তনের প্রভাবের মুখে পড়েছে। ডব্লিউডব্লিউএ’র গবেষকেরা জানিয়েছেন, ২০২৬ সালের মে মাসে জ্যামাইকা ও পুয়ের্তোরিকোয় দেখা দেওয়া খরাকে আরও তীব্র করে তুলেছে জলবায়ু পরিবর্তন।
দাবানলে বাড়ছে অনুকূল পরিস্থিতি
মানুষের কর্মকাণ্ড ছাড়াও বিশ্বের অনেক অঞ্চলে প্রাকৃতিক কারণে দাবানল সৃষ্টি হয়। তবে আইপিসিসি বলছে, জলবায়ু পরিবর্তনের ফলে দাবানল ছড়িয়ে পড়ার অনুকূল আবহাওয়াগত পরিস্থিতি বাড়ছে।
দীর্ঘস্থায়ী ও তীব্র তাপপ্রবাহ মাটি ও উদ্ভিদ থেকে প্রচুর আর্দ্রতা শুষে নেয়। এতে বনাঞ্চল ও আশপাশের পরিবেশ অত্যন্ত শুষ্ক হয়ে পড়ে। এ ধরনের পরিবেশ দাবানলের জন্য সহায়ক। বাতাসের গতি বেশি থাকলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে।
এবারের গ্রীষ্মে কানাডাজুড়ে ছোট-বড় পাঁচ হাজারের বেশি দাবানল হয়েছে। ডব্লিউডব্লিউএ’র ভাষ্য, জলবায়ু পরিবর্তনের কারণে দাবানল ছড়িয়ে পড়ার অনুকূল পরিস্থিতি তৈরির আশঙ্কা দ্বিগুণ হয়েছে।
দাবানলবিষয়ক এক বৈশ্বিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারিতে চিলি ও আর্জেন্টিনায় দাবানলের কারণে ৫৫ হাজার মানুষকে বাড়িঘর ছেড়ে যেতে হয়েছিল। জলবায়ু পরিবর্তনের কারণে ওই দাবানলে পুড়ে যাওয়া এলাকার পরিমাণ ৩৬ শতাংশ বেড়েছিল।
জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থা ইউএনইপি জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে ২১০০ সাল নাগাদ সবচেয়ে ভয়াবহ দাবানলের সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
যুক্তরাজ্যের আবাসনবিষয়ক দপ্তরের প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০২২ সালের পর ২০২৬ সাল ছিল দাবানলের দিক থেকে সবচেয়ে ভয়াবহ বছর। বছরের সবচেয়ে উষ্ণ দিনে ইংল্যান্ডের স্টোরব্রিজে দুটি দাবানলে ১৯টি বাড়ি পুড়ে যায়।

