শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ইরানে ফের হামলা হলে তা আগের চেয়ে পাঁচ গুণ বড় হবে: ট্রাম্প

ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় ইরান আগ্রহী বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের

ইরানে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে তা আগের হামলার তুলনায় পাঁচ গুণ বড় হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১০ নভেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরান সমঝোতা চায় বলে দাবি ট্রাম্পের

প্রতিবেদন অনুযায়ী, সিএ-স্প্যানের ‘ওয়াশিংটন জার্নাল প্রাইমটাইম’ অনুষ্ঠানে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরান ওয়াশিংটনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চায়।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ভেনেজুয়েলাকে পরাজিত করেছি, ইরানকেও পরাজিত করেছি। তাদের নৌবাহিনী ধ্বংস করেছি, বিমানবাহিনী ধ্বংস করেছি, সবকিছু ধ্বংস করেছি—তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করেছি, তাদের নেতাদেরও শেষ করে দিয়েছি।’

ট্রাম্প আরও দাবি করেন, ইরান সমঝোতা করতে চায়। তবে প্রকাশ্যে তারা এ কথা বলে না।

নতুন হামলার বিষয়ে সতর্কবার্তা

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারা যদি পিকঅ্যাক্স মাউন্টেনে কিছু করতে যায়, তাহলে আমাদের হয়তো সেখানে হামলা চালাতে হবে। তবে আমরা তেমন কিছু দেখতে পাচ্ছি না।’

তিনি বলেন, মূল কথা হলো, যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দিতে পারে না। কারণ ইরান সেই অস্ত্র ব্যবহার করবে বলে তাঁর আশঙ্কা।

ট্রাম্প আরও বলেন, কাতারের সঙ্গে তিনি কথা বলেছেন। দেশটির প্রধানমন্ত্রী সেদিন ওভাল অফিসে ছিলেন। এ ছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের সঙ্গেও কথা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, এসব দেশ আরেকটি হামলা চালানোর পরিবর্তে আলোচনার মাধ্যমে এগিয়ে যেতে বেশি আগ্রহী। কারণ পরবর্তী হামলা হলে তা প্রথম হামলার তুলনায় প্রায় পাঁচ গুণ বড় হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন