মদিনা অঞ্চলে আগুন, হতাহত নেই; পাইপলাইনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে
সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে আবারও হামলার ঘটনা ঘটেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় মদিনা অঞ্চলে সোমবার চালানো এ হামলায় সীমিত পরিসরে আগুন লাগলেও তা নিভিয়ে ফেলা হয়েছে। এতে কেউ হতাহত হননি এবং পাইপলাইনের কার্যক্রমও ব্যাহত হয়নি।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে।
হামলার দায় স্বীকার করেনি কেউ
হামলার পেছনে কারা জড়িত, তা এসপিএর প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে ইয়েমেনে সৌদি আরব ও দেশটির সমর্থনপুষ্ট ইয়েমেনি সরকারি বাহিনীর জোটের সঙ্গে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে।
এর আগে হুতি বিদ্রোহীরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি আরবের তেল শোধনাগার, সংরক্ষণাগারসহ বিভিন্ন জ্বালানি অবকাঠামোয় একাধিকবার হামলা চালিয়েছে।
হরমুজ এড়িয়ে তেল পরিবহনে গুরুত্বপূর্ণ পাইপলাইন
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাপকভাবে কমে গেছে। এ পরিস্থিতিতে প্রণালিটি এড়িয়ে তেল পরিবহনের বিকল্প পথ হিসেবে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্বজুড়ে জ্বালানিসংকটের মধ্যে পাইপলাইনটি এরই মধ্যে একাধিকবার হামলার শিকার হয়েছে।
আরব উপদ্বীপের মরুভূমির মধ্য দিয়ে বিস্তৃত পাইপলাইনটির দৈর্ঘ্য প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার বা ৭৪৫ মাইল। গত সেপ্টেম্বরে ড্রোন হামলার পর কয়েক দিনের জন্য এটি বন্ধ রাখা হয়েছিল। সৌদি আরবের দাবি, ওই হামলাগুলো ইরাক থেকে চালানো হয়েছিল।
প্রতিদিন ইয়ানবু বন্দরে যাচ্ছে ৪০ লাখ ব্যারেল তেল
হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ার পর থেকে সৌদি আরব ইস্ট-ওয়েস্ট পাইপলাইন ব্যবহার করে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে। এই পরিমাণ বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান।

