বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে হবে: আইনমন্ত্রী

জয়ী হওয়ার সম্ভাবনা বিবেচনায় মনোনয়ন দেবে দল, শৃঙ্খলাভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আসাদুজ্জামানের

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি যাঁকে মনোনয়ন দেবে, দলীয় নেতা-কর্মীদের সবাইকে তাঁর পক্ষে কাজ করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ বাধা সৃষ্টি করলে দলে তাঁর কোনো জায়গা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়ী হওয়ার সম্ভাবনাই মনোনয়নের বিবেচ্য

আইনমন্ত্রী বলেন, স্থানীয় নির্বাচনে কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দেবেন। প্রতিটি ইউনিয়নের বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীর নিজস্ব কম্পিউটার সিস্টেমে সংরক্ষিত থাকবে বলেও জানান তিনি।

দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে আসাদুজ্জামান বলেন, নির্দেশনা না মেনে দলের ভেতরে যারা মুনাফেকি করবে, তাদের কোনোভাবেই ক্ষমা করা হবে না।

তিনি বলেন, আগামী স্থানীয় নির্বাচনে বিএনপি এমন প্রার্থী খুঁজছে, যাঁর জয়ের সম্ভাবনা বেশি। দলের বড় কোনো নেতা মনোনয়ন পেলেও তাঁর পরাজয়ের আশঙ্কা থাকলে তাঁকে প্রার্থী করা হবে না। নেতা যত বড়ই হোন না কেন, জয়ের সম্ভাবনাকেই প্রাধান্য দেওয়া হবে।

দলের বিজয়কে ব্যক্তির চেয়ে বড় করে দেখার আহ্বান

আসাদুজ্জামান বলেন, “আমার দল যদি না জেতে, তাহলে আমার মতো বড় নেতা দিয়ে কী হবে? আজকে বিএনপি যদি ক্ষমতায় না আসতো, তাহলে আমি যত বড় নেতাই হই না কেন, আমি যত ভালো মানুষই হই না কেন, তাতে কিছু যাবে আসবে না।”

দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, দল তাঁর কাছে সবচেয়ে বড় আমানত। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিকল্প কিছু করলে কিংবা দলের সঙ্গে মুনাফেকি করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকারও রয়েছে। এ বিষয়ে সবকিছুর ওপর নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় স্থানীয় নেতারা উপস্থিত

মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন