বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

দুদকের মামলায় প্রতারণা চক্রের মূলহোতাসহ আরও এক প্রতারক গ্রেফতার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সোহাগ পাটোয়ারী নামে আরও এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। একদিনের ব্যবধানে প্রতারণা চক্রের মোট পাঁচজন সদস্য গ্রেফতার হলো।

দুদক সূত্রে জানা গেছে, গত ২৪ জুন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দুদকের নজরে আসে। দুদক বিষয়টি আমলে নিয়ে দ্রুত অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।

দুদকের পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এরপর পুলিশের র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় প্রতারণা চক্রটিকে শনাক্ত করে অভিযান চালিয়ে চক্রের মূলহোতা সেলিমসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।

দুদক গ্রেফতারকৃত প্রতারকদের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন:

১. মো. সেলিম (৪০), পিতা- আ. ছাত্তার কবির, সাং- বাদোলখালী (ফকিরবাড়ী), থানা পিরোজপুর সদর, জেলা পিরোজপুর; বর্তমান ঠিকানা: গ্রীণ মডেল টাউন, মান্ডা, ঢাকা।

২. মো. তরিকুল ইসলাম (৪০), পিতা- মো. মজিবর রহমান শেখ, সাং- কেশরামপুর, থানা মোড়লগঞ্জ, জেলা বাগেরহাট; বর্তমান ঠিকানা: মান্ডা, ঢাকা।

৩. মো. আতিক (৩৮), পিতা- মো. আব্দুল কাশেম; বর্তমান ঠিকানা: দক্ষিণ মান্ডা, ঢাকা।

৪. মো. আব্দুল হাই সোহাগ (৩৫), পিতা- আব্দুর রব; স্থায়ী ঠিকানা- সেনবাগ, নোয়াখালী; বর্তমান ঠিকানা: দক্ষিণ মান্ডা, ঢাকা।

৫. সোহাগ পাটোয়ারী (৪০), পিতা- মমতাজ পাটোয়ারী; স্থায়ী ঠিকানা- দাশপাড়া, রামগঞ্জ, লক্ষ্মীপুর; বর্তমান ঠিকানা: দক্ষিণ মান্ডা, ঢাকা।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে সনি ডিজিটাল এইচডি ক্যামেরা, বুম, সেলফি স্টিক, দুটি পাসপোর্ট, সমকাল পত্রিকার নামে আইডি কার্ড, সমকাল, এশিয়ান টিভি ও এফসি টিভিসহ বিভিন্ন মিডিয়ার নামে ছাপানো ভিজিটিং কার্ড, সোনালী ব্যাংকের চেক বই, ছয়টি মোবাইল সেট এবং ২৩টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দুদকের চেয়ারম্যান, মহাপরিচালক, পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় রমনা মডেল থানায় মামলা (মামলা নং- ২১, তারিখ: ২৯/০৬/২০২৫) দায়ের করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন