বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

প্লাস্টিক দূষণ রোধে ৭ দফা ঘোষণা তরুণ-যুবদের

প্লাস্টিক দূষণ রোধ ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ৭ দফা প্রতিশ্রুতির ঘোষণাপত্র উপস্থাপন করেছেন বাংলাদেশের তরুণ ও যুবরা। রাজধানীর পরিবেশ অধিদপ্তরে সোমবার (৩০ জুন) বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে “যুব নেতৃত্বে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা” শীর্ষক সেমিনারে এই ঘোষণাপত্র পাঠ করা হয়।

তরুণদের ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে—একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য ব্যবহার না করা, প্লাস্টিকের বোতলে পানি না কেনা, জনগণের মধ্যে প্লাস্টিক ব্যবহার কমানোর সচেতনতা তৈরি, রিসাইকেল ও পুনর্ব্যবহার বাড়ানো, কমিউনিটিকে নিয়ে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, ক্ষতিকর প্লাস্টিক পণ্য ব্যবহার রোধে ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রচার এবং স্থানীয় সরকার ও প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা।

সেমিনারে বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ মোকাবিলায় যৌথ উদ্যোগের বিকল্প নেই। তারা শিশু, কিশোর ও তরুণদের সম্পৃক্ত করে দেশের প্রতিটি অঞ্চলে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও জনগণের সমন্বিত প্রচেষ্টায়ই টেকসই সমাধান সম্ভব।

সেমিনারে সারা বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড ভিশনের সঙ্গে যুক্ত দেড় লক্ষাধিক শিশু ও যুবদের প্রতিনিধি হিসেবে ২০০ জন অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৭ জন তাদের মতামত ও প্রতিশ্রুতি উপস্থাপন করেন। তারা বলেন, প্লাস্টিক দূষণ রোধ এবং স্বাস্থ্যকর পরিবেশ গড়তে তরুণদের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইয়াসির আরাফাত খান। তিনি বলেন, “প্লাস্টিক দূষণ আমাদের পরিবেশের জন্য চরম হুমকি। এ সমস্যা সমাধানে শিশু-তরুণদের সম্পৃক্ততা আরও বাড়াতে হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. মো. সোহরাব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (বাস্তবায়ন) ফারিয়া নিশাত, বুয়েটের ইনস্টিটিউট অফ অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজির পরিচালক ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রফেসর মহিদুস সামাদ খান এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের হিউম্যানিটারিয়ান এমারজেন্সি অ্যাফেয়ার্স অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশনের পরিচালক দোলন গোমেজ স্বাগত বক্তব্য দেন। সেমিনারের সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর চন্দন জেড গোমেজ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন