বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

মিমাংসার নামে ডেকে নিয়ে খুন: ২৪ ঘণ্টার মধ্যে মূল হোতাসহ দুইজনকে গ্রেফতার করলো র‍্যাব-৪

“বাংলাদেশ আমার অহংকার”—এই স্লোগানকে ধারণ করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস ও অপরাধ দমনে জোরালো ভূমিকা পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় এবার আশুলিয়ার আলোচিত রুবেল মন্ডল হত্যা মামলায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে মূল হোতা আমজাদ মন্ডলসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ মে ২০২৫ সন্ধ্যায় ধামরাই থানাধীন কালামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আমজাদ মন্ডল (৪৫) ও তার সহযোগী মো. জুয়েল (৩৬)-কে গ্রেফতার করা হয়।

হত্যাকাণ্ডের পেছনের ঘটনা তদন্তে উঠে আসে—ভিকটিম রুবেল মন্ডল (৪০), আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিণপাড়ার বাসিন্দা, তার বড় ভাইয়ের সঙ্গে মাছের ঘের ও অন্যান্য ব্যবসার দেখভাল করতেন। ব্যবসায়িক বিরোধের জেরে ৭ মে সকালে মিমাংসার আশ্বাসে ডেকে নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘেরের পাড়েই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।

এই হত্যাকাণ্ড ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি ছড়িয়ে পড়লে র‍্যাব-৪ তাৎক্ষণিক ছায়া তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে দ্রুত অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে এবং জানায়, দীর্ঘদিনের বিরোধের জেরে তারা এ নির্মম সিদ্ধান্ত নেয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকাবাসী র‍্যাবের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন