রবিবার, ২৯ মার্চ ২০২৬

সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৪৪ বাংলাদেশিকে পুশইন করলো বিএসএফ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী ও শিশুসহ আরও ৪৪ জন বাংলাদেশিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করেছে। বুধবার (১৫ মে) ভোরে সীমান্তের পাল্লাথল রাস্তার মোড় এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

স্থানীয়রা জানান, শাহবাজপুর সীমান্ত দিয়ে ভোরে অজ্ঞাতপরিচয় একদল নারী, পুরুষ ও শিশু বাংলাদেশে প্রবেশ করে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানানো হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।

আটক ৪৪ জনের মধ্যে রয়েছেন ১৩ জন পুরুষ, ১৮ জন নারী এবং ১৩ জন শিশু। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি।

আটকদের বরাতে জানা যায়, তারা কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং দীর্ঘদিন সেখানেই বসবাস করছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে, পরে বিএসএফ তাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, “আটকদের পরিচয় যাচাই-বাছাই করা হয়েছে। তারা সবাই বাংলাদেশের নাগরিক।”

উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, “ভোরে স্থানীয়রা খবর দিলে বিজিবি ঘটনাস্থলে এসে ৪৪ জনকে আটক করে। এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। সীমান্তের ওপারে আরও বাংলাদেশি রয়েছে, তাদেরও ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।”

বিষয়টি নিয়ে কূটনৈতিক পর্যায়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া না গেলেও একতরফা পুশইনের ঘটনায় মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, অভিবাসন ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধ মেনে চলা জরুরি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন