লক্ষ্মীপুরের সাবেক মেয়র আবু তাহেরের ছেলে আফতাব উদ্দিন বিপ্লবের দাবি, রেকর্ডিংটি এআই দিয়ে তৈরি
লক্ষ্মীপুরের সাবেক মেয়র প্রয়াত আবু তাহেরের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি আফতাব উদ্দিন বিপ্লবের একটি কথিত ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় তিন মিনিটের ওই রেকর্ডিংয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের হত্যার পরিকল্পনা নিয়ে তাকে কথা বলতে শোনা যায়। তবে রেকর্ডিংটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেছেন বিপ্লব।
শুক্রবার (২৭ নভেম্বর) লক্ষ্মীপুরের বিভিন্ন ব্যক্তির ফেসবুক পোস্টে রেকর্ডিংটি ছড়িয়ে পড়তে দেখা যায়। এতে বিপ্লবকে কয়েকজনকে জড়ো করা, গেরিলা দল গঠন এবং বিএনপি-জামায়াতের নেতাদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা নিয়ে কথা বলতে শোনা যায়।
রেকর্ডিংয়ে যেসব কথা শোনা যায়
রেকর্ডিংয়ে মামুন নামে এক ব্যক্তির সঙ্গে বিপ্লবের কথোপকথন শোনা যায়। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘ক্ষমতা লাইন হইছে যখন দেইখখাম (দেখব), ৫-৬টা গেরিলা হোলাইন রাইখবি, যেগুন (যারা) বিশ্বস্ত। হেগুনরে এলাকায় স্টাবলিশ করে দিয়াম। হেগুনের কাম অইবো (হবে) শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন ৮-১০টারে মারি হালাইবো।’
এরপর কথোপকথনে বাড়িঘরে আগুন দেওয়া এবং হামলার সময় নারী, শিশু ও বয়স্কদের ক্ষতি না করার বিষয়ে কথা বলতে শোনা যায় তাকে। রেকর্ডিংয়ে আরও শোনা যায়, বিএনপি-জামায়াতের ৮-১০ জন নেতাকর্মীকে লক্ষ্য করে হামলার পরিকল্পনার কথা।
কথোপকথনের আরেক পর্যায়ে দুই-তিনটি ইউনিয়নের তরুণদের একত্র করার পরিকল্পনা নিয়ে কথা বলেন বিপ্লব। এক থেকে দেড়শ তরুণকে জড়ো করে ব্যানার নিয়ে অল্প সময়ের জন্য মিছিলের মতো একটি কর্মসূচি আয়োজন এবং সেটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করতে শোনা যায় তাকে।
বিপ্লবের দাবি, এআই দিয়ে তৈরি
ছড়িয়ে পড়া রেকর্ডিংয়ের বিষয়ে আফতাব উদ্দিন বিপ্লব বলেন, ‘রেকর্ডিংটি আমারও নজরে এসেছে। এটি এআই দিয়ে তৈরি করা হয়েছে। আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র আগেও হয়েছে, এখনও হচ্ছে।’
অন্যদিকে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘রেকর্ডিংটি আমাদের নজরে এসেছে। আমরা কাজ করছি। গোপনে থেকে নাশকতা করার সুযোগ নেই। এসব বিষয়ে আমাদের তৎপরতা রয়েছে।’
বিপ্লবের বিরুদ্ধে অতীতের হত্যা মামলার তথ্য
আফতাব উদ্দিন বিপ্লব লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এম এ তাহেরের বড় ছেলে। তিনি জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুর বড় ভাই।
স্থানীয়ভাবে জানা যায়, ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর রাতে লক্ষ্মীপুর শহরের বাসা থেকে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সরকারি কৌঁসুলি নুরুল ইসলামকে অপহরণের পর হত্যা করা হয়।
বহুল আলোচিত ওই হত্যা মামলায় ২০০৩ সালে বিপ্লবসহ পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং আরও নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত।
বিপ্লব ২০১১ সালের ৪ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করেন। পরে ছেলে বিপ্লবের প্রাণভিক্ষা চেয়ে তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে আবেদন করেন আবু তাহের। ওই বছরের ১৪ জুলাই রাষ্ট্রপতি তাঁর সাজা মওকুফ করেন।
পরের বছর কামাল ও মহসিন হত্যা মামলায় বিপ্লবের যাবজ্জীবন সাজা কমিয়ে ১০ বছর করা হয়। এ ছাড়া ২০১২ সালে রাজনৈতিক বিবেচনায় ফিরোজ হত্যা মামলা থেকেও তাঁর নাম প্রত্যাহার করা হয়।
২০১৪ সালের ১ আগস্ট কারাগারে থাকা অবস্থায় বিয়ে করে আবার আলোচনায় আসেন বিপ্লব। পরে ২০১৮ সালের ৯ অক্টোবর তিনি কারামুক্ত হন।
জুলাই আন্দোলনে হত্যার মামলাতেও আসামি
২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় বিপ্লবদের বাসার সামনে তমিজ মার্কেট ও শহরের মাদাম ব্রিজ এলাকায় চার শিক্ষার্থীসহ ১২ জন নিহত হন। নিহত অন্য আটজন যুবলীগ ও ছাত্রলীগের কর্মী ছিলেন।
শিক্ষার্থীদের হত্যার ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় বিপ্লবসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীকে আসামি করা হয়। ওই মামলাগুলোর অভিযোগপত্র পুলিশ আদালতে জমা দিয়েছে বলে জানা গেছে।
২০২৪ সালের ৪ আগস্টের পর থেকে বিপ্লব এবং তাঁর দুই ভাই টিপু ও শিবলু সপরিবারে পলাতক রয়েছেন।

