শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

উপাচার্য পরিবর্তনের দাবিতে চুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধ

উপাচার্য পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ; নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগের দাবি শিক্ষক সমিতির

উপাচার্যকে ঘিরে সৃষ্ট সংকটের সমাধান না হওয়ায় চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। তবে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি সমর্থন করে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে একজন উপযুক্ত প্রকৌশল শিক্ষাবিদকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি দ্রুত সংকট নিরসনে সরকারের সঙ্গে আলোচনায় বসার আগ্রহের কথাও জানান।

আধা ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার

জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রায় আধা ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলে ‘যে ভিসি ছাত্র মারে, সে ভিসি আমার না’ এবং ‘মানি না মানবো না, শরীফুলকে মানি না’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলটি শিক্ষকদের আবাসিক এলাকায় গিয়ে শেষ হয়।

নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আবির বলেন, তারা টানা ৭০ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা বর্তমান উপাচার্যকে মানেন না। তার অভিযোগ, উপাচার্য ক্যাম্পাসে প্রবেশ করেছেন ‘খুনি ফ্যাসিস্টের দোসর’ ও নিষিদ্ধ ছাত্রলীগকে সঙ্গে নিয়ে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা সহিংসতা চাই না। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, দ্রুত এই সংকটের সমাধান করুন।’

আবির আরও বলেন, কোনো ধরনের হুমকির মুখে তারা আন্দোলন বন্ধ করবেন না। অধ্যাপক শরীফুল আলমকে উপাচার্য হিসেবে না রাখাই সংকট সমাধানের একমাত্র পথ বলে মনে করেন তারা। তার পরিবর্তে অন্য কাউকে উপাচার্য নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি।

নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি

এদিকে, চুয়েটের চলমান অচলাবস্থা নিরসনে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে একজন উপযুক্ত প্রকৌশল শিক্ষাবিদকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষক সমিতি।

শুক্রবার সকালে শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাছানের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দাবির পরিপ্রেক্ষিতে আগামী রোববার সকাল ১১টায় মৌন মিছিল করবেন শিক্ষকরা। একই সঙ্গে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচি শিক্ষক সমিতি সমর্থন করে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

আবারও বন্ধ একাডেমিক কার্যক্রম

এর আগে সংকটের সমাধান না হওয়ায় বুধবার রাতে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।

উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে গত ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে অচলাবস্থা চলছে। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর ক্লাস শুরু হলেও সংকটের সমাধান হয়নি। ফলে একাডেমিক কার্যক্রম শুরুর এক মাসের মাথায় আবারও বন্ধ হয়ে গেছে ক্লাস ও পরীক্ষা।

শিক্ষার্থীরা আগে সাবেক উপাচার্য অধ্যাপক ড. সায়েমকে পুনর্বহালের দাবি জানালেও বর্তমানে তারা চুয়েটের ভেতর থেকেই উপাচার্য নিয়োগের দাবি জানাচ্ছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন