শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

জ্বালানি-শিক্ষা-স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ ও জার্মানি

জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে আলোচনা করেছেন দুই দেশের প্রতিনিধিরা। রোহিঙ্গা প্রত্যাবাসনেও জার্মানির সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে একমত হয়েছে বাংলাদেশ ও জার্মানি।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জার্মানির বার্লিনে দেশটির সংসদের (বুন্ডেস্টাগ) উন্নয়নবিষয়ক কমিটির সদস্য নিকোলাস জিপেলিয়াসের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তারা।

বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আলোচনা

আলোচনায় জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তির অভিবাসন, মানবিক ও সামাজিক উন্নয়ন, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয় উঠে আসে।

এ ছাড়া অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধান, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও বিনিময়, ভিসা প্রক্রিয়া সহজ করা, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ।

রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা চাইল বাংলাদেশ

বৈঠকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), সৃজনশীল অর্থনীতি, নারীর ক্ষমতায়ন, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি এবং যুব বিনিময়ের ক্ষেত্রে আরও সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ সময় রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনে জার্মানির সহযোগিতা চান তিনি।

বাংলাদেশ সফরে আসছে জার্মান প্রতিনিধি দল

সংসদীয় কূটনীতি জোরদারে বাংলাদেশ-জার্মানি সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের বিষয়েও আলোচনা করেন দুই দেশের সংসদ সদস্যরা।

এ সময় জার্মানির সংসদ সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শামা ওবায়েদ ইসলাম। জবাবে আগামী বছর একটি প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরের কথা জানান জার্মান সংসদ সদস্য নিকোলাস জিপেলিয়াস।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন