ভারতের পররাষ্ট্রনীতি ‘হতাশাজনক’ বললেন তথ্যমন্ত্রী, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে আনার কথা প্রতিমন্ত্রীর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করছে না, বরং সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ভারতের সীমান্ত পরিদর্শন নিয়ে পার্থের মন্তব্য
পলাতক আওয়ামী লীগ নেতাদের স্থলবন্দর পরিদর্শনের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার জন্য তারা ভারতের সীমান্ত পরিদর্শন করেছেন।
ভারতে বসে শেখ হাসিনা কী বলছেন, তা নিয়ে দেশটির সঙ্গে আলোচনার অনেক বিষয় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
পার্থ বলেন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতির স্বার্থে বিজেপি সরকার বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের মতো মিথ্যা প্রচারণা চালিয়ে শেখ হাসিনার গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে চায়। দেশ এগিয়ে যাচ্ছে, এটি আওয়ামী লীগ সহ্য করতে পারছে না।
ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে সমালোচনা
তথ্যমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেনি, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে।
ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ভারতের ‘হরিবল, মিজারেবল’ পররাষ্ট্রনীতি রয়েছে। প্রতিবেশী দেশ নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার সঙ্গে এ কারণেই তাদের সম্পর্ক খারাপ। বাংলাদেশের সঙ্গেও একই পরিস্থিতি শুরু হয়েছে।
শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তিতে আনার কথা প্রতিমন্ত্রীর
এদিকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার কথাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। তাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে আনা হবে।

