পাইপলাইন মেরামতের সময় জমে থাকা গ্যাসে আগুন জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধদের মধ্যে পাঁচ কর্মচারী ও এক মিস্ত্রি
রাজধানীর লালবাগে একটি রেস্তোরাঁর গ্যাসের পাইপলাইন মেরামতের সময় বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে রেস্তোরাঁর পাঁচ কর্মচারী ও একজন মিস্ত্রি রয়েছেন।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লালবাগ এলাকার ‘কাচ্চি খানাস’ নামের রেস্তোরাঁয় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
দগ্ধ ছয়জনের পরিচয়
চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন পলাশ, নয়ন শিকদার, রবিন, নয়ন, নিরব ও জনি। তাঁদের মধ্যে পলাশ গ্যাসের পাইপলাইন মেরামতের কাজ করছিলেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার দগ্ধ ব্যক্তিদের চিকিৎসা নেওয়ার বিষয়টি জানিয়েছেন।
যেভাবে ঘটল বিস্ফোরণ
দগ্ধ নয়ন শিকদার জানান, রেস্তোরাঁয় গ্যাসের পাইপলাইন মেরামতের কাজ করছিলেন মিস্ত্রি পলাশ। এ সময় তিনি গ্যাস লাইনের চাবি খোলা রাখেন। এতে পুরো ঘরে গ্যাস জমে যায়।
নয়ন শিকদার বলেন, কাজের একপর্যায়ে অসাবধানতাবশত লাইন পরীক্ষা করার জন্য আগুন জ্বালালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, পরে সহকর্মীরা রাত সোয়া ৯টার দিকে তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।

