বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

চার দেশের প্রতি বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

স্লোভেনিয়া ও এস্তোনিয়ায় বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগ, গিনি-ঘানায় কৃষি ও বস্ত্র খাতে সহযোগিতা এবং চার দেশের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর আহ্বান

বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে স্লোভেনিয়া, এস্তোনিয়া, গিনি ও ঘানার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বাংলাদেশে নবনিযুক্ত ঘানার অনাবাসিক হাইকমিশনার এবং গিনি, এস্তোনিয়া ও স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে সকালে হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাঁদের গার্ড অব অনার প্রদান করে। পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বাংলাদেশি পণ্যের আমদানি বাড়ানোর আহ্বান

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, সিরামিক, হিমায়িত মাছ, হালকা প্রকৌশল পণ্য এবং আইসিটি সেবার আমদানি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ তুলনামূলক সুলভ মূল্যে মানসম্মত তৈরি পোশাক ও ওষুধ উৎপাদন এবং রপ্তানি করে। সংশ্লিষ্ট দেশগুলোর বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে ওষুধ নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান তিনি।

এ ছাড়া বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে আইসিটি, বস্ত্র, ওষুধ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

স্লোভেনিয়া ও এস্তোনিয়ায় দক্ষ কর্মী নিয়োগের আহ্বান

প্রকৌশল, নির্মাণ, আতিথেয়তা, স্বাস্থ্যসেবা, নার্সিং ও পরিবহন খাতে আরও বেশি বাংলাদেশি পেশাজীবী ও দক্ষ কর্মী নিয়োগের জন্য স্লোভেনিয়া ও এস্তোনিয়ার প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত টমাস মেন্সিনের সঙ্গে আলোচনায় তিনি দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী, পর্যটক ও গবেষকদের ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান। একই সঙ্গে মধু উৎপাদন ও মৌমাছি সংরক্ষণে দুই দেশের যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এস্তোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসনের সঙ্গে সাক্ষাতে রাষ্ট্রপতি দেশটির ডিজিটাল গভর্ন্যান্সের অগ্রযাত্রার প্রশংসা করেন। আইসিটি, ডিজিটালাইজেশন, স্টার্টআপ ও আর্থিক প্রযুক্তি (ফিনটেক) খাতে এস্তোনিয়ার অভিজ্ঞতা ও সহায়তা গ্রহণে বাংলাদেশের গভীর আগ্রহের কথা জানান তিনি।

পাশাপাশি বাংলাদেশের আইসিটি, ওষুধ ও ডিজিটাল খাতে বিনিয়োগের জন্য এস্তোনিয়ার প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

গিনি ও ঘানার সঙ্গে কৃষি ও বস্ত্র খাতে সহযোগিতা

গিনি ও ঘানাকে বাংলাদেশের দক্ষ কৃষক ও কৃষিবিজ্ঞানী নিয়োগের মাধ্যমে দেশ দুটিতে বাংলাদেশের কৃষি-সংক্রান্ত অভিজ্ঞতা কাজে লাগানোর প্রস্তাব দেন রাষ্ট্রপতি।

ঘানার অনাবাসিক হাইকমিশনার প্রফেসর কৌসি অবিরি-ডানসোর সঙ্গে আলোচনায় তিনি কৃষি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বস্ত্র খাতের সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন। এ সময় ঘানার প্রেসিডেন্ট জন ড্রামানি মহামাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।

অন্যদিকে, গিনির অনাবাসিক রাষ্ট্রদূত কন্তে আলাসানে দেশটির ‘সিমান্ডু ২০৪০’ উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি এ উদ্যোগ বাস্তবায়ন ও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

গিনির অনুরোধের পরিপ্রেক্ষিতে বস্ত্র প্রক্রিয়াজাতকরণ, ডাইয়িং ও প্রিন্টিংয়ের কাজে দেশটিকে কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাসও দেন তিনি।

সম্পর্ক ও সহযোগিতা সম্প্রসারণের প্রত্যাশা

রাষ্ট্রপতি নতুন দায়িত্ব পালনে নবনিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সাফল্য কামনা করেন এবং তাঁদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি আশা প্রকাশ করেন, তাঁদের দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন