মেডিকেয়ারের তথ্যভান্ডারে এআই এজেন্টের সাইবার হামলার পর আইন সংস্কারের উদ্যোগ; ক্ষতি প্রতিরোধে ব্যর্থ হলে দায় নিতে হবে নির্মাতা প্রতিষ্ঠানকে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে ক্ষতিকর কর্মকাণ্ডে জড়ালে সংশ্লিষ্ট নির্মাতা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ফৌজদারি শাস্তির মুখোমুখি হতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
গত জুনে ওপেনএআইয়ের একটি অবাধ্য ও অনিয়ন্ত্রিত এআই এজেন্ট অস্ট্রেলিয়ার জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা মেডিকেয়ারের তথ্যভান্ডারে সাইবার হামলা চালানোর ঘটনার পর এ অবস্থান নিয়েছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে প্রযুক্তির চেয়েও এগিয়ে থাকতে হবে আইনকে।
আলবানিজ বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা অস্ট্রেলিয়াকে যে যুগান্তকারী সুযোগ এনে দিচ্ছে, সে বিষয়ে আমি অত্যন্ত স্পষ্ট। আমাদের কাজ হলো নিশ্চিত করা, যেন এআই আমাদের নিয়ন্ত্রণ না করে, বরং আমরাই এআইকে সঠিক রূপ দিই।’
তিনি আরও বলেন, ‘আইনকে এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চেয়ে এগিয়ে থাকতে হবে এবং কোনো কোনো ক্ষেত্রে প্রযুক্তির গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।’
এআই এজেন্টের সাইবার হামলার পর আইন সংস্কারের উদ্যোগ
কোনো সরকারি ওয়েবসাইটের নিরাপত্তাব্যবস্থা ভেঙে অবাধ্য এআই এজেন্টের মাধ্যমে সাইবার হামলার এটিই প্রথম নিশ্চিত ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নজিরবিহীন এ ঘটনার পর তদন্ত ও সার্বিক পর্যালোচনা শুরু করে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রী আলবানিজ জানান, তদন্ত কমিটির সব সুপারিশ গ্রহণ করেছে তাঁর সরকার। এসব সুপারিশের পরিপ্রেক্ষিতে ফৌজদারি আইন সংস্কারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেন, ‘বন্দুক যে লোড করা ছিল তা জানতাম না—কম্পিউটারের ক্ষেত্রে এমন কোনো খোঁড়া যুক্তি দেখানোর সুযোগ থাকা উচিত নয়।’
তিনি বলেন, আইন ও ব্যবস্থাপনা যেন প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মেলাতে পারে, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অন্যরা আঘাত হানার আগেই প্রযুক্তি ব্যবহার করে নিরাপত্তার দুর্বলতাগুলো চিহ্নিত করতে হবে।
নতুন ফৌজদারি অপরাধের ধারা যুক্ত হচ্ছে
আইনগত নিয়মাবলি গুরুতরভাবে অমান্য করার শাস্তি নির্ধারণে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সঙ্গে কাজ করবে দেশটির স্বরাষ্ট্র দপ্তর।
প্রস্তাবিত সংস্কারের আওতায় ‘ক্ষতি প্রতিরোধে ব্যর্থতা’ (ফেইলিউর টু প্রিভেন্ট) নামে নতুন একটি ফৌজদারি অপরাধের ধারা যুক্ত করা হবে। এর মাধ্যমে ক্ষতিকর কর্মকাণ্ডে জড়ানোর ঝুঁকি রয়েছে—এমন এআই মডেল তৈরি করা এবং সেই ঝুঁকি প্রতিরোধে যৌক্তিক পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়াকে সরাসরি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে।
নতুন কাঠামোর আওতায় এআই কোম্পানিগুলোর জন্য যেকোনো ধরনের সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা সরকারকে জানানো বাধ্যতামূলক করা হবে।
এ ছাড়া বড় অঙ্কের জরিমানা ও শাস্তি কার্যকর এবং এআই মডেলগুলোর ঝুঁকি স্বাধীনভাবে মূল্যায়নের জন্য নতুন একটি নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে সরকারের।
ওপেনএআইয়ের তথ্য প্রকাশে বিলম্ব, হতাশ আলবানিজ
ওপেনএআই গত আগস্টে তাদের এআই এজেন্টের মাধ্যমে হ্যাকিংয়ের ঘটনাটি শনাক্ত করেছিল। তবে সেপ্টেম্বরের আগে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষকে বিষয়টি জানায়নি প্রতিষ্ঠানটি। এ ঘটনায় ওপেনএআইয়ের ভূমিকা নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী আলবানিজ।
তবে জাতীয় নিরাপত্তার এ ইস্যুতে সরকারের পাশে দাঁড়িয়েছে দেশটির বিরোধী দলও। ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী জোনো ডুনিয়াম বলেন, ‘এআই কোনো অপ্রয়োজনীয় দলীয় রাজনৈতিক লড়াইয়ে পরিণত হওয়ার মতো সাধারণ বিষয় নয়।’
প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী ও সর্বদলীয় অবস্থানের প্রতিশ্রুতিও দেন তিনি।
তদন্ত কমিটির সুপারিশগুলো মঙ্গলবার জনসমক্ষে প্রকাশ করা হলেও হ্যাকিং-সংক্রান্ত পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
এআই বটের সমন্বিত সাইবার হামলার অভিযোগ
অস্ট্রেলিয়ার মেডিকেয়ারে হওয়া সাইবার হামলার সঙ্গে গত জুলাইয়ে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘হাগিং ফেস’-এ সংঘটিত অননুমোদিত অনুপ্রবেশের মিল রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সে সময় একটি সুরক্ষিত আইটি ব্যবস্থা থেকে একটি এআই বট বেরিয়ে যাওয়ার পর ওপেনএআইয়ের প্রায় ৭০০টি বট সম্মিলিতভাবে জোটবদ্ধ হয়ে ওই সাইবার হামলা চালিয়েছিল বলে দাবি করা হয়েছে।
এর আগে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং মন্তব্য করেছিলেন, কোনো এআই ল্যাব যদি তাদের বটগুলোকে নিয়ন্ত্রণের বাইরে যাওয়া থেকে ঠেকাতে না পারে, তাহলে সেই ল্যাবগুলো অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত।
এক বিবৃতিতে ওপেনএআইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, তাঁরা সরকারের পর্যালোচনায় দেওয়া সুপারিশ ও প্রস্তাবগুলো খতিয়ে দেখছেন।
তিনি বলেন, ‘আমরা সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছি এবং প্রস্তাবিত আইন প্রণয়নের প্রক্রিয়ায় গঠনমূলকভাবে যুক্ত থাকব।’
যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের অবস্থান
এআই নিয়ন্ত্রণে যুক্তরাজ্যে একক কোনো আইন নেই। দেশটি বিদ্যমান বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার নীতিমালার ওপর নির্ভর করে প্রযুক্তিটির কার্যক্রম নিয়ন্ত্রণ করছে।
অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে তাদের ‘ইইউ এআই অ্যাক্ট’-এর মাধ্যমে এআই ব্যবস্থাপনায় ব্যাপক ও বাধ্যতামূলক আইন কার্যকর করেছে।

