রাজনীতিতে আসতে চান না জানিয়ে ইউএফসি প্রধান বললেন, ‘না, না’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রধান ডানা হোয়াইট। সোমবার হোয়াইট হাউসে এক আকস্মিক সংবাদ সম্মেলনে তিনি জানান, রাজনীতিতে আসার কোনো ইচ্ছা তাঁর নেই।
বার্তা সংস্থা এএফপির খবর অনুযায়ী, ট্রাম্পের এ প্রস্তাব মূলত মজার ছলেই দেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
প্রস্তাব নিয়ে আলোচনা
গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প ঘোষণা দেন, তিনি ডানা হোয়াইটকে যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন। তাঁর এ ঘোষণাকে ঘিরে বিশ্বজুড়ে আলোচনা তৈরি হয়। তবে এক দিন পরই ৮০ বছর বয়সী ট্রাম্প জানান, তিনি কথাটি মজা করেই বলেছিলেন।
সোমবার হোয়াইট হাউসে যান ৫৭ বছর বয়সী ইউএফসি প্রধান ডানা হোয়াইট। পরে ট্রাম্প তাঁকে সঙ্গে নিয়ে হোয়াইট হাউসের জেমস ব্র্যাডি ব্রিফিং রুমে সংবাদ সম্মেলনে উপস্থিত হন। সংবাদ সম্মেলনটি ছিল বেশ বিশৃঙ্খল ও হট্টগোলপূর্ণ।
ট্রাম্প ডানা হোয়াইটকে উদ্দেশ করে বলেন, ‘তাহলে আপনাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি। আপনি কি যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারি হতে চান, নাকি এই উদ্ভট ইউএফসি নিয়েই থাকতে চান? কী বলেন?’
জবাবে ডানা হোয়াইট বলেন, ‘এই প্রস্তাবের জন্য আপনাকে ধন্যবাদ। তবে না, না—আমি রাজনীতিতে আসতে চাই না।’
এ কথা শুনে ট্রাম্প মুচকি হাসেন। কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি বলেন, ‘এ কথা শুনে আমি ভীষণ মর্মাহত হলাম। সবাইকে বিদায়।’
প্রেস সেক্রেটারির পদ শূন্য
গত ১৬ অক্টোবর কেটি জাকারিয়া দায়িত্ব ছাড়ার পর থেকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদটি শূন্য রয়েছে। দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তিনি পদত্যাগ করেন।
এর আগে এ পদে থাকা ক্যারোলিন লেভিট প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর গত আগস্টে সরে দাঁড়ান। সাংবাদিকদের সঙ্গে বিতর্কিত ও আক্রমণাত্মক বাক্যবিনিময়ের জন্য তিনি পরিচিত ছিলেন।
ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ডানা হোয়াইট
ডানা হোয়াইট দীর্ঘদিন ধরে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু। চলতি বছরের শুরুতে হোয়াইট হাউসের লনে আয়োজিত বিশাল ইউএফসি লড়াইয়ের অনুষ্ঠান আয়োজনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ট্রাম্প যখন তাঁকে প্রেস সেক্রেটারির পদে নিয়োগ দেওয়ার প্রস্তাবের কথা জানান, তখন ডানা হোয়াইটকে ‘সহিংস যোদ্ধা ও লড়াকু ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়। অনেকে ধারণা করেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর ট্রাম্প প্রশাসন গণমাধ্যমের সঙ্গে আরও কঠোর অবস্থান নিতে চাইছে।
তবে ট্রাম্পের ঘোষণার সত্যতা নিয়ে শুরু থেকেই সংশয় ছিল। রোববার রাতে ট্রাম্প নিজেই জানান, তিনি বিষয়টি মজা করে বলেছিলেন।

