বুধবার, ২১ অক্টোবর ২০২৬

২৭ অক্টোবর তাকাইচি সানায়ের সঙ্গে বৈঠকে বসবেন তারেক রহমান

তাকাইচি সানায়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ২৭ অক্টোবর; বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আলোচনা

জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ের আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে। এ সফরে একাধিক সমঝোতা স্মারক ও সহযোগিতা চুক্তি ঘোষণারও সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বাংলাদেশ ও জাপান সরকার যৌথভাবে প্রধানমন্ত্রীর এ সফরের ঘোষণা দিয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা।

২৭ অক্টোবর দুই প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

সফরসূচি অনুযায়ী, ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান ও তাকাইচি সানায়ের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর জাপানের প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ গুরুত্ব পাবে।

জাপানের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক

সফরকালে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ, জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের চেয়ারম্যান এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামে মূল বক্তব্য দেওয়ার পাশাপাশি দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।

এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র ও টয়োটা কারখানা পরিদর্শন

সফরের অংশ হিসেবে জাপানের ফুৎসু শহরের এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া দেশটির পোশাক ব্র্যান্ড ইউনিক্লোর সদর দপ্তর এবং নাগোয়া শহরে টয়োটার কারখানা পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।

এসব পরিদর্শনের মাধ্যমে জ্বালানি, শিল্প উৎপাদন, প্রযুক্তি ও ব্যবসায়িক সহযোগিতার বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে।

বিভিন্ন খাতে সমঝোতা স্মারক ঘোষণার সম্ভাবনা

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কৃষি, মৎস্যসম্পদ, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান পরিবহন, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার আধুনিকীকরণ বিষয়ে সমঝোতা স্মারক বা সহযোগিতা চুক্তি ঘোষণার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশে জাপানি কোম্পানির কারখানা স্থাপন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং মানবসম্পদ উন্নয়নে জাপানের সহায়তা পাওয়ার বিষয়েও বিস্তারিত আলোচনার পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হওয়ার পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ ও দক্ষ জনশক্তি উন্নয়নের নতুন সুযোগ তৈরি হতে পারে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন