বুধবার, ২১ অক্টোবর ২০২৬

রংপুর থেকে চট্টগ্রাম-মহানবমীতে তিন শহরে প্রধানমন্ত্রীর কর্মসূচি

রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করবেন; রাতে ঢাকায় ফেরার কথা

শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে তিনি রংপুরের পথে যাত্রা করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর তিনি রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন। তিন মহানগরে কর্মসূচি শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

পূজার নিরাপত্তা ও সহযোগিতায় সরকারের উদ্যোগ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, সরকারের নীতি হলো—‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’ হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকার সারাদেশে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

তিনি আরও বলেন, পূজার বরাদ্দ ও ছুটি বাড়ানো হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যারা

প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এ ছাড়া রয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও সংসদ সদস্য নিপুল রায় চৌধুরী, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ড, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যরা।

প্রধানমন্ত্রীর কর্মসূচি

সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে ধর্মসভা ও পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি।

দুপুর সাড়ে ১২টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বেলা ১টা ১৫ মিনিটে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি রয়েছে। এরপর বেলা ২টা ১৫ মিনিটে রাজশাহী সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন তিনি।

বিকেল ৩টায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল ৪টা ১৫ মিনিটে শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

সন্ধ্যা সাড়ে ৫টায় চট্টগ্রামের জেএম সেন হল, রহমতগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসে যাত্রাবিরতির পর রাত ৭টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। রাত ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এর আগে ঢাকার পূজামণ্ডপ পরিদর্শন

এর আগে প্রধানমন্ত্রী ঢাকার মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে সহধর্মিণী জুবাইদা রহমানও ছিলেন।

মঙ্গলবার দুর্গাপূজার মহানবমী পালিত হচ্ছে। পরদিন বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন