বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান, মাঠে আনসার-ভিডিপির ৩০ সদস্য

রাজধানীর মিরপুরে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে অবৈধ স্থাপনা, দোকানপাট ও হকার উচ্ছেদের পাশাপাশি অনুমোদনহীন বিজ্ঞাপনী বিলবোর্ড ও ইউনিপোল সাইন অপসারণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযানে সহায়তা করেছেন আনসার ব্যাটালিয়নের ৩০ সদস্য।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর-১ নম্বরের শাহআলী মার্কেট থেকে মিরপুর-২ নম্বরের সনি স্কয়ার পর্যন্ত সড়ক ও ফুটপাত এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান শুরু হয়। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত এ অভিযান প্রায় দেড় ঘণ্টা ধরে চলে।

অভিযান চলাকালে সড়ক ও ফুটপাতের দুই পাশে গড়ে ওঠা বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা, দোকানপাট ও হকার উচ্ছেদ করা হয়। একই সঙ্গে অনুমোদন ছাড়া ঝুলিয়ে রাখা বিজ্ঞাপনী বিলবোর্ড ও ইউনিপোল সাইনও অপসারণ করা হয়। উচ্ছেদ করা দোকানপাটের বিপুল পরিমাণ মালামাল জব্দ করে ডিএনসিসি কর্তৃপক্ষ।

অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়ন (৪১ বিএন)-এর ৩০ সদস্য মোতায়েন ছিলেন। ঢাকা মহানগর আনসার পশ্চিম জোন কমান্ডারের নির্দেশনায় বিভিন্ন পদমর্যাদার এসব সদস্য অভিযানে দায়িত্ব পালন করেন। এ সময় থানা আনসার-ভিডিপি কর্মকর্তা (মিরপুর) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, সড়ক ও ফুটপাতের অবৈধ দখলের কারণে দীর্ঘদিন ধরে ওই এলাকায় পথচারীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। অভিযানের ফলে শাহআলী মার্কেট থেকে সনি স্কয়ার পর্যন্ত সড়ক ও ফুটপাতের বেশ কিছু অংশ দখলমুক্ত হয়েছে। এতে পথচারীদের চলাচল সহজ হওয়ার পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরবে বলে সংশ্লিষ্টদের আশা।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনভোগান্তি কমানো, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে আনসার ব্যাটালিয়নের সদস্যরা প্রয়োজন অনুযায়ী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে আসছেন। সরকারি উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানানো হয়েছে।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রায় দেড় ঘণ্টা চলার পর অভিযান শেষ হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন