অনুসরণ করুন:
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্ব

বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, যৌথ প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সমুদ্র নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

বুধবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতে এসব বিষয় উঠে আসে।

সাক্ষাতের শুরুতে প্রতিরক্ষা উপদেষ্টা ও ভারতীয় হাইকমিশনার শুভেচ্ছা বিনিময় করেন। পরে দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

বৈঠকে সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বাড়াতে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়। একই সঙ্গে দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনাও আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সংকট মোকাবিলায় দুই দেশের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে সহযোগিতার সুযোগ নিয়ে মতবিনিময় করেন তারা।

এ ছাড়া আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এবং সমুদ্র নিরাপত্তার মতো অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়।

ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। বাংলাদেশের সঙ্গে সামরিক ও কৌশলগত সম্পর্ককে ভারত গুরুত্বের সঙ্গে দেখে বলেও তিনি উল্লেখ করেন।

দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে ভবিষ্যতে পেশাগত সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অভিন্ন নিরাপত্তা স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে একযোগে কাজ করার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ভারতীয় হাইকমিশনার।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বিষয়েও মতবিনিময় হয়। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বিদ্যমান সহযোগিতা আরও কার্যকর করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন