বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ায় পুলিশ কনস্টেবল নিয়োগের মাঠপর্যায়ের পরীক্ষা শেষ

টিআরসি নিয়োগের তৃতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই ও ফিল্ড টেস্ট সম্পন্ন হয়েছে। পুলিশ সুপার আমিনুল ইসলামের আশ্বাস, নিয়োগ হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত।

কুষ্টিয়ায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে অক্টোবর-২০২৬ নিয়োগের মাঠপর্যায়ের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে দ্বিতীয় দিনে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। এদিন শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার (পিইটি) অংশ হিসেবে ১ হাজার ৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা নেওয়া হয়। পরে ফিল্ড টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের ফেইজ ডিটেকশন কার্যক্রম সম্পন্ন করা হয়।

স্বচ্ছ নিয়োগের অঙ্গীকার

কুষ্টিয়া জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ-২০২৬ বোর্ডের সভাপতি মো. আমিনুল ইসলাম শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান। একই সঙ্গে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

পুলিশ সুপার বলেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে যারা নিয়োগ পাবেন, তারা নিজ যোগ্যতার ভিত্তিতেই নিয়োগপ্রাপ্ত হবেন। তাই প্রার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের কোনো প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

নিয়োগ বোর্ডে উপস্থিত ছিলেন যারা

নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন এবং খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. খায়রুল আনাম, বিপিএম-সেবা।

পুলিশ সদর দপ্তরের প্রতিনিধি হিসেবে নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর পুলিশ সুপার (সুপারনিউমারারি) শারমিন আক্তার এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (এমটি অ্যান্ড ওয়ার্কশপ) ইমরান রহমান।

এ ছাড়া নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, সদর কুষ্টিয়ার স্কুল হেলথ ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. মোছা. নাজমা খাতুন এবং মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. ইমন মেহেমুদসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালনকারী বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন