গভীর সমুদ্রে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ ও ২৮টি ট্রলিং জাল জব্দ করা হয়েছে।
সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপ থেকে ২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্র এলাকায় সোমবার সকাল ৭টার দিকে অপারেশন ‘কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
জব্দ ১৩ হাজার ২০০ কেজি মাছ ও ২৮টি জাল
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, পরে জব্দ করা বোটগুলোতে তল্লাশি চালিয়ে ২৮টি ট্রলিং জাল ও ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ১০১ জন জেলেকে আটক করা হয়।
জব্দ করা ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছ এবং আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরও বলেন, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

