মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৫০ জন গ্রেপ্তার; ৪৫টি মামলা, জব্দ চাপাতি, দা, ককটেল ও বিপুল পরিমাণ মাদক
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।
কোন বিভাগে কতজন গ্রেপ্তার
ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগ বিভাগে ৪১ জন, ওয়ারী বিভাগে ৮৯ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, তেজগাঁও বিভাগে ৭৩ জন, মিরপুর বিভাগে ১৫০ জন, গুলশান বিভাগে ৩৭ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ ২ জনকে গ্রেপ্তার করেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অস্ত্র, বিস্ফোরক ও মাদক জব্দ
অভিযানকালে একটি চাপাতি, একটি দা, তিনটি ককটেল, বিস্ফোরিত বোমার দুটি অংশ, ৬৫০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৪৯৯ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
এ ছাড়া দুটি মোটরসাইকেল, একটি সিএনজি ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
সোমবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মাদকদ্রব্যসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

