শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় চিকিৎসকসহ নিহত ৬

সার্জারি বিভাগ ও আইসিইউ ভবনে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ; আহত প্রায় ৩০, হামাসের কমান্ডার ও যোদ্ধাদের লক্ষ্যবস্তু করার দাবি ইসরায়েলের

দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস শহরের নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন। হামাস-পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

হাসপাতালটির পরিচালক ডা. আহমেদ আল-ফারা জানান, রাতে হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ড ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থাকা একটি ভবনে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে ক্ষেপণাস্ত্র দুটির মধ্যে একটি বিস্ফোরিত হয়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী ও তাঁদের স্বজনেরা রয়েছেন। নিহতদের একজন সার্জন ডা. রিজক আবু শাইরা। হামলার নিন্দা জানিয়ে মন্ত্রণালয় একে আন্তর্জাতিক আইন ও সনদের লঙ্ঘন বলে অভিহিত করেছে।

হামাসের কমান্ডারকে লক্ষ্যবস্তু করার দাবি ইসরায়েলের

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হামাসের সশস্ত্র শাখার একজন কমান্ডার ও অন্য যোদ্ধাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এসব যোদ্ধা হাসপাতালটিকে ইসরায়েলি বাহিনীর ওপর হামলার পরিকল্পনা ও পরিচালনার সদর দপ্তর হিসেবে ব্যবহার করছিল।

সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, হামলার লক্ষ্যবস্তু ছিলেন হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ আবু ইসমাইল এবং নাসের হাসপাতালের ভেতরে অবস্থানরত অন্য যোদ্ধারা। হাসপাতাল কমপ্লেক্সকে সদর দপ্তর হিসেবে ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কয়েক ডজন হামলার পরিকল্পনা এবং ব্রিগেডের সক্ষমতা পুনরুদ্ধারের কার্যক্রম চালানো হচ্ছিল বলে অভিযোগ করেছে তারা।

ইসরায়েলি বাহিনী আরও দাবি করেছে, হামলার আগে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। এ-সংক্রান্ত একটি অডিও রেকর্ডিংও প্রকাশ করেছে তারা, যেখানে গাজার একজন জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তাকে সতর্ক করার কথা বলা হয়েছে। তবে হাসপাতাল পরিচালক ডা. আল-ফারা জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ এ হামলার বিষয়ে কোনো সতর্কবার্তা পায়নি।

হামাসের অভিযোগ, বেসামরিক চিকিৎসাকেন্দ্রে হামলা

ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযোগ প্রত্যাখ্যান করেছে হামাস। এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, হাসপাতালটিকে লক্ষ্য করে চালানো হামলার দায় এড়াতে ইসরায়েল মিথ্যা ও বানোয়াট বক্তব্য ছড়াচ্ছে। তাদের ভাষায়, এটি একটি বেসামরিক চিকিৎসাকেন্দ্রে সংঘটিত অপরাধকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা।

হামাসের বিবৃতিতে বলা হয়, হামলার শিকার স্থাপনাটির ধরন এবং রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হতাহতের ঘটনাই ইসরায়েলের বক্তব্যের অসারতা তুলে ধরে।

তবে স্থানীয় কর্মীদের মধ্যে এমন দাবিও প্রচারিত হয়েছে যে, ভবনটির ভেতরে অবস্থানরত হামাসের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়ে থাকতে পারে।

হাসপাতালের ভেতরে ধ্বংসযজ্ঞের চিত্র

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে হামাস-পরিচালিত সিভিল ডিফেন্সের এক প্যারামেডিককে বলতে শোনা যায়, বৃহস্পতিবার ভোরে হামলার পর তিনি ভবনটিতে পৌঁছান। তাঁর ভাষ্য অনুযায়ী, একটি ক্ষেপণাস্ত্র পাঁচতলা ভবন ভেদ করে সার্জিক্যাল বিভাগের একটি কক্ষে আঘাত হানে।

অন্যান্য ভিডিও ফুটেজে ভবনের ভেতরে ঘন ধোঁয়া ও দ্বিতীয় তলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা গেছে। বিস্ফোরণে চিকিৎসা সরঞ্জাম ও হাসপাতালের শয্যাগুলো ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। বিবিসির একজন ফ্রিল্যান্স সাংবাদিকের ধারণ করা ফুটেজেও অপারেশন থিয়েটার, ওয়ার্ড, চিকিৎসকদের বিশ্রামকক্ষ, বারান্দা ও লিফটের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে।

বার্তা সংস্থাগুলোর প্রকাশিত কয়েকটি ছবিতে একটি অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র দেখা গেছে বলে মনে হচ্ছে।

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন চিকিৎসক

হামলায় আহত জেনারেল সার্জারি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ কদেইহ জানান, রাত সাড়ে ১২টার দিকে তিনি ও অন্য চিকিৎসাকর্মীরা কাজ শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই বিস্ফোরণ ঘটে।

নিজের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, তাঁর পুরো শরীর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। একপর্যায়ে তিনি জ্ঞান হারাচ্ছেন কিংবা মারা যাচ্ছেন বলে মনে হয়েছিল। পরে নিজেকে মুক্ত করতে আপ্রাণ চেষ্টা করেন এবং সহকর্মীদের ডাকতে থাকেন। হামাগুড়ি দিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে পা বের করে শেষ পর্যন্ত বেরিয়ে আসতে সক্ষম হন। তখন চারপাশ অন্ধকার ছিল, কোথাও আলো ছিল না।

ডা. কদেইহ জানান, নিহত সার্জন ডা. রিজক আবু শাইরার পাশের বিছানাতেই তিনি শুয়ে ছিলেন। তাঁদের আরেক সহকর্মীর পা ভেঙে গেছে।

সহকর্মী ডা. রিজক সম্পর্কে তিনি বলেন, তিনি ছিলেন বিভাগের সবচেয়ে দয়ালু ও সহৃদয় মানুষদের একজন। সবসময় অন্যদের সাহায্যে এগিয়ে আসতেন এবং দক্ষ সার্জন হিসেবেও সবার কাছে পরিচিত ছিলেন।

হামলায় রোগীদেরও প্রাণহানি হয়েছে বলে জানান ডা. কদেইহ। তিনি বলেন, পাশের কক্ষগুলোতে থাকা রোগীরাও নিহত হয়েছেন। চিকিৎসার জন্য হাসপাতালে আসা একজন রোগীকে লাশ হয়ে ফিরতে হয়েছে বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

গাজায় হাসপাতালগুলো বারবার হামলার লক্ষ্যবস্তু

আন্তর্জাতিক আইন অনুযায়ী হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র বিশেষ সুরক্ষিত মর্যাদা পেয়ে থাকে। তবে গাজা যুদ্ধের সময় এসব স্থাপনা বারবার হামলার শিকার হয়েছে। ইসরায়েল অভিযোগ করে আসছে, হামাস হাসপাতালসহ বেসামরিক অবকাঠামো ব্যবহার করে অস্ত্র মজুত, কমান্ড ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করে। হামাস এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

ইসরায়েল বিবিসিসহ কোনো আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে গাজায় প্রবেশের অনুমতি দেয় না। ফলে সেখানে সংঘটিত ঘটনাগুলোর স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে।

খান ইউনিস শহরে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্স দক্ষিণ গাজার বৃহত্তম হাসপাতাল। প্রায় ১০ লাখ মানুষকে এটি চিকিৎসাসেবা দিয়ে থাকে।

হাসপাতাল পরিচালক ডা. আল-ফারা জানান, চলমান যুদ্ধের মধ্যে নাসের হাসপাতালে এ নিয়ে সপ্তমবারের মতো হামলা চালানো হলো। এর আগে ২০২৫ সালের আগস্টে ইসরায়েলের জোড়া হামলায় সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীসহ ২২ জন ফিলিস্তিনি নিহত হন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন