শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সামরিক প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালদ্বীপ

সামুদ্রিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা

প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও মালদ্বীপ। সামুদ্রিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা, প্রশিক্ষণ এবং সামরিক সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা করেছে দুই দেশ।

মালদ্বীপের প্রতিরক্ষা সদর দপ্তরে দেশটির ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএফ) প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।

প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে আলোচনা

সাক্ষাতে দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সামরিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়। এ সময় দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর সম্ভাবনা গুরুত্ব পায়।

এ ছাড়া মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা ও সামুদ্রিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তাঁরা। বিশেষ করে ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের অভিন্ন স্বার্থ এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।

নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার গুরুত্ব

সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে হাইকমিশন প্রতিশ্রুতিবদ্ধ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন