সিউলের দক্ষিণে সংনামে দুর্ঘটনা, গুরুতর আহত ৯ জন; উদ্ধারকাজে ৮৮ কর্মী
দক্ষিণ কোরিয়ার সংনাম শহরে নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ৩১টি যানবাহনে ধাক্কা দিয়েছে গণপরিবহনের একটি বাস। পরে সড়ক বিভাজকে আঘাত করে বাসটি বিধ্বস্ত হয়। বুধবার স্থানীয় সময় সকালে রাজধানী সিউলের দক্ষিণে বুনদাং জেলায় এ দুর্ঘটনায় ৫৭ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর।
সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়িতেও ধাক্কা
দমকল সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে নিয়ন্ত্রণ হারানো বাসটি একের পর এক যানবাহনে ধাক্কা দেয়। দুর্ঘটনায় পড়া যানবাহনের মধ্যে ছিল চারটি বাস, একটি ট্রাক ও ২৭টি ব্যক্তিগত গাড়ি। এসব গাড়ির কয়েকটি তখন ট্র্যাফিক সিগন্যালে দাঁড়িয়ে ছিল।
দুর্ঘটনার পর বাসটি সড়কের মাঝখানের বিভাজকের ওপর উঠে পড়ে। ছবিতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যেতে দেখা গেছে।
উদ্ধারে ৮৮ কর্মী, ৩৩টি গাড়ি
দমকল সংস্থা জানিয়েছে, উদ্ধারকাজ পরিচালনায় ঘটনাস্থলে ৮৮ জন কর্মী ও ৩৩টি উদ্ধারযান মোতায়েন করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য সেখানে একটি জরুরি চিকিৎসাকেন্দ্রও স্থাপন করা হয়েছে।
সম্প্রচারমাধ্যম কেবিএসের বরাতে রয়টার্স জানিয়েছে, বাসটির চালকও আহত হয়েছেন। তাঁকে বাস থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করার পরিকল্পনা করেছে পুলিশ। এ জন্য ক্ষতিগ্রস্ত যানবাহনগুলোর ব্ল্যাক বক্সের তথ্য এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

