বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

লোহাগাড়ায় প্রবাসীর স্ত্রীর ব্যাগ থেকে স্বর্ণালঙ্কার ও টাকা চুরি, পেশাদার নারী চোর গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়া থেকে পেশাদার নারী চোর তসলিমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে নগদ ৪ লাখ ৫১ হাজার টাকা এবং প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটে ২১ আগস্ট। প্রবাসীর স্ত্রী খাদিজাতুল কোবরা রাফি কক্সবাজারের চকরিয়ায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে লোহাগাড়ার আমিরাবাদ স্টেশন এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ভিখারীর ছদ্মবেশে এক ব্যক্তি রাফির সঙ্গে থাকা এক মহিলাকে উসকানিমূলক কথা বলে। তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে রাফি তা মীমাংসা করতে এগিয়ে যান। ঠিক সেই সুযোগে তসলিমা আক্তার কৌশলে রাফির কাঁধে থাকা ব্যাগের চেইন খুলে প্রায় দুই ভরি ওজনের স্বর্ণালঙ্কার (দুটি জোড়া কানের দুল ও একটি আংটি) নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে ২৫ আগস্ট ভুক্তভোগী খাদিজাতুল কোবরা রাফি অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় এলাকায় ভাড়া বাসা থেকে তসলিমা আক্তারকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার বাসা থেকে ৪ লাখ ৫১ হাজার টাকা এবং ৩ ভরি ১১ আনা ২ রতি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে রয়েছে ৫টি আংটি, ২টি চেইন, ৪ জোড়া কানের দুল ও ২টি নাকফুল। ভুক্তভোগী রাফি উদ্ধারকৃত একজোড়া কানের দুল ও একটি আংটি নিজের বলে শনাক্ত করেছেন।

গ্রেফতার তসলিমাকে আদালতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন