বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

সূত্রাপুরে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

রাজধানীর সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে রয়েছেন বাবা-মা ও তিন সন্তান। সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পাঁচতলা ভবনের নিচ তলার ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, ভ্যানচালক রিপন (৪০), তার স্ত্রী চাঁদনী (৩৫), ছেলে তামীম (১৮), রোকন (১৪) এবং মেয়ে আয়শা (দেড় বছর)।

দগ্ধ রিপনের মামা জাকির হোসেন জানান, রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ঘরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। পরে আশপাশের বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জাকির হোসেন বলেন, “ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজের কারণে ঘরে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে।”

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রিপনের শরীরের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫, তামীমের ৪২, রোকনের ৬০ এবং আয়শার ৬৩ শতাংশ পুড়ে গেছে। সবারই শ্বাসনালী দগ্ধ হয়েছে এবং তাদের অবস্থার অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনা নিয়ে সূত্রাপুর থানায় তদন্ত চলছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন