বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

সরকারি কর্মকর্তার ছবি ব্যবহার করে কোটি টাকার ডিজিটাল প্রতারণা, চট্টগ্রাম ডিবির অভিযানে গ্রেপ্তার ১

সরকারি কর্মকর্তাদের ছবি এবং পরিচয় ব্যবহার করে অনলাইন প্রতারণার ফাঁদ পেতে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ ডিজিটাল প্রতারক চক্রের এক সদস্যকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শরীফুল ইসলাম (৩৫)। তার বাড়ি নরসিংদী জেলার সদর থানার ঘোড়াদিয়া এলাকায়।

চট্টগ্রাম জেলা পুলিশ সূত্রে জানা যায়, প্রতারক চক্রটি সাধারণ মানুষের WhatsApp একাউন্ট হ্যাক করে সরকারি কর্মকর্তাদের ছবি ও পরিচয় ব্যবহার করে মসজিদে এয়ারকন্ডিশনার লাগানো, উন্নয়নমূলক কাজ, এতিমখানায় অনুদান কিংবা অসহায় মানুষের সহায়তার অজুহাত দেখিয়ে টাকা আদায় করত।

অনেকেই সরল বিশ্বাসে তাদের অনলাইনে টাকা পাঠিয়েছেন বলে জানান ভুক্তভোগীরা।

বিষয়টি জেলা পুলিশের নজরে আসলে চট্টগ্রাম জেলা পুলিশের ফেসবুক পেজে এ সংক্রান্ত সতর্কবার্তা প্রচার করা হয়। পরে একাধিক ভুক্তভোগী অভিযোগ দায়ের করলে জেলা পুলিশ সুপার এস এম শাকিলুজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ অনুসন্ধান শুরু করে।

পুলিশ জানায়, অভিযানের এক পর্যায়ে মঙ্গলবার (৯ জুলাই) নরসিংদীর ঘোড়াদিয়া এলাকায় অভিযান চালিয়ে শরীফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় শরীফুলের বাসা থেকে নগদ ৪ লাখ টাকা, পাসপোর্ট, নকল ট্রেড লাইসেন্স, সিল, ৮টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের সিমকার্ড, ব্যাংকের চেক-বই, ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ এবং বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের কপিউদ্ধার করা হয়েছে।

ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শরীফুল ইসলাম ও তার ভাই আরিফুর রহমান দীর্ঘদিন ধরে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের ব্যবসার আড়ালে হুন্ডি, অনলাইন জুয়া এবং প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল।

পুলিশ জানায়, তারা বিভিন্ন ব্যাংকে ভুয়া ব্যবসা প্রতিষ্ঠানের নামে একাধিক চলতি হিসাব খুলে বড় অঙ্কের লেনদেন করত। বিশেষ করে ব্র্যাক ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক এবং সিটি ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করে অর্থপাচার করত।

চট্টগ্রাম জেলা পুলিশ বলছে, Social Media, WhatsApp, বিকাশ, নগদ, উপায় বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং অ্যাপস ব্যবহারে সতর্ক থাকতে হবে। অচেনা কেউ সরকারি কর্মকর্তা বা বাহিনীর সদস্য পরিচয়ে টাকা চাইলে বা বাহিনীর লোগোযুক্ত কোনো প্রোফাইল থেকে যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জানাতে বলা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন