বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ

রাজধানীর যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন রিপন (৪০), তার স্ত্রী ইতি (৩০) এবং তাদের তিন বছর বয়সী মেয়ে রাফিয়া। বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন, এবং তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের খাদিমুল কুরআন মহিলা মাদ্রাসা গলির একটি ছয়তলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী তাসলিমা মনি জানান, “রাত পৌনে দুইটার দিকে হঠাৎ বিকট শব্দ শুনি। এরপর চিৎকারের আওয়াজ পেয়ে ছুটে যাই। গিয়ে দেখি, তিনজনের শরীর আগুনে ঝলসে গেছে। দরজা-জানালা ভেঙে পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।”

তাসলিমা মনির ধারণা, বাসায় গ্যাস লিকেজের কারণে গ্যাস জমে ছিল। রাতে মশার কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, “রিপনের শরীরের ৭০ শতাংশ, ইতির ৪৫ শতাংশ এবং শিশুটির ৯০ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।”

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় ঘরের দরজা-জানালা ভেঙে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন