বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

এতিম লালন-পালনের স্বার্থকতা আত্মনির্ভরশীলতায়: ধর্ম উপদেষ্টা

এতিম শিশুদের শুধু ভরণ-পোষণ নয়, বরং তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই প্রকৃত লালন-পালনের স্বার্থকতা বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রবিবার (৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরীর তনজিমুল মোছলেমীন এতিমখানায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, “এতিম প্রতিপালনে দুনিয়া ও আখিরাত উভয় জগতের কল্যাণ নিহিত। সামর্থ্য থাকা সত্ত্বেও যারা এতিমদের উপেক্ষা করে, তাদেরকে মহানবী (সা.) মুমিন হিসেবে স্বীকৃতি দেননি।”

তিনি আরও বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “মুসলিমদের মধ্যে সেই ঘর সর্বোত্তম, যেখানে এতিম রয়েছে এবং তার সাথে সদ্ব্যবহার করা হয়। আর সবচেয়ে নিকৃষ্ট সেই ঘর, যেখানে এতিম আছে, অথচ তার সাথে খারাপ ব্যবহার করা হয়।”

ড. খালিদ বলেন, “এতিম শিশুদের উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা নিজেরাই ভবিষ্যৎ নির্মাণ করতে পারে এবং সমাজের সম্পদে পরিণত হয়।” তিনি এতিম শিশুদের আত্মনির্ভরশীল করে তোলার উদ্যোগের জন্য তনজিমুল মোছলেমীন এতিমখানা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এতিমখানার সহ-সভাপতি অধ্যাপক নইম কাদের। বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক সরওয়ার আলম, এতিমখানার সাধারণ সম্পাদক অধ্যাপক হাকীম মাওলানা জামাল উদ্দিন হেজাযী, চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহাব উদ্দিন চৌধুরী, এবং আল হেজায ফাউন্ডেশনের সহ-সভাপতি হাফেজ লিয়াকত আলী চৌধুরী প্রমুখ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন