বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

লঞ্চে স্ট্রোক করা যাত্রীকে উদ্ধার ও চিকিৎসা দিল কোস্ট গার্ড

ভোলা থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে স্ট্রোক করা এক ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও হাসপাতালে ভর্তি করিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (৫ জুলাই ২০২৫) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে আনোয়ার মোল্লা (৪৫) নামে এক যাত্রী ভোলা থেকে ঢাকাগামী দোয়েল পাখি-১ লঞ্চে থাকা অবস্থায় কাশিপুর সংলগ্ন এলাকায় স্ট্রোক করেন। পরিস্থিতি দেখে জনৈক এক ব্যক্তি কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে অবহিত করেন।

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল টিম দ্রুত লঞ্চে পৌঁছে আনোয়ার মোল্লাকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরবর্তীতে কোস্ট গার্ডের বোটে করে তাকে দ্রুত ঢাকা সদরঘাটে আনা হয় এবং সেখান থেকে স্বজনদের সঙ্গে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে পাঠানো হয়। রোগীর অবস্থা আরও গুরুতর হলে কোস্ট গার্ড সদর দপ্তরের তত্ত্বাবধানে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

কোস্ট গার্ড জানায়, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবিক সহায়তায়ও কাজ করছে বাহিনীটি। যে কোনো জরুরি প্রয়োজনে ১৬১১১ নম্বরে কল করার আহ্বান জানিয়েছে কোস্ট গার্ড।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন