বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত, আহত ৮

সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত থেকে

সংযুক্ত আরব আমিরাতের আল আইনে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি শ্রমিক। আহত হয়েছেন আরও অন্তত আটজন। নিহতদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের রাউজান উপজেলার গশ্চি গ্রামের মুহাম্মদ মনসুর (৩২) এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের মো. আব্দুল আলিম (৪১)।

প্রথম দুর্ঘটনা ঘটে মঙ্গলবার রাতে, আল হায়ার ব্রিজের কাছে। প্রবাসীদের বরাতে জানা গেছে, মুহাম্মদ মনসুরসহ আটজন বাংলাদেশি শ্রমিক জেবল আলীর একটি নির্মাণ সাইট থেকে গাড়িতে করে আল আইনে ফিরছিলেন। হাইওয়ে ধরে চলার সময় আল হায়ার ব্রিজের কাছে একটি গাড়ি তাদের গাড়িটিকে ওভারটেক করে হঠাৎ গতি কমিয়ে দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি ব্যারিয়ারে ধাক্কা খেয়ে উল্টে পড়ে।

দুর্ঘটনায় গুরুতর আহত মুহাম্মদ মনসুরকে হেলিকপ্টারে করে আল আইন জিমি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে, তিনি আইসিইউতে চিকিৎসাধীন। নিহত মনসুর পেশায় রঙমিস্ত্রী ছিলেন এবং প্রবাসে ছিলেন পাঁচ বছর ধরে। আগামী মাসেই তার দেশে ফেরার কথা ছিল। বর্তমানে তার মরদেহ আল আইন জিমি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। দুর্ঘটনার পর অভিযুক্ত চালককে আটক এবং তার গাড়ি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একই দিন রাতে আল আইন শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে শেখ সাবরা এলাকায় ঘটে দ্বিতীয় দুর্ঘটনা। নিহত মো. আব্দুল আলিম স্থানীয় একটি উট খামারে পাচক হিসেবে কাজ করতেন। সেই রাতে খামারের সংলগ্ন কাঁচা রাস্তায় হাঁটার সময় পেছন থেকে একটি দ্রুতগতির গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, গাড়িটি চালাচ্ছিলেন এক ওমানি নাগরিক। তাকে আটক এবং গাড়িটি জব্দ করা হয়েছে। নিহত আব্দুল আলিমের দেশে স্ত্রী, তিন ছেলে এবং এক মেয়ে রয়েছেন। তার মরদেহও আল আইন জিমি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

ছবি: নিহত মুহাম্মদ মনসুর (৩২) এবং মো. আব্দুল আলিম (৪১)।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন