বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

অপহরণ ও ধর্ষণ মামলার জেল পলাতক আসামি নেত্রকোনায় গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ীতে অপহরণ ও ধর্ষণ মামলার জেল পলাতক আসামি মো. উজ্জল ইসলাম ওরফে আব্দুল্লাহ আল কাউসার ওরফে কাওয়ার (২২)-কে নেত্রকোনার দুর্গাপুর থেকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

সোমবার (৩০ জুন) রাত ৩টা ১৫ মিনিটের দিকে নেত্রকোনা জেলার দুর্গাপুর থানাধীন বয়রাতলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উজ্জল ইসলামের পিতার নাম কৌশিক মিয়া। তিনি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বয়রাতলি গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে এক স্কুলছাত্রী (১৪)-কে অপহরণ করে ধর্ষণের অভিযোগ ওঠে উজ্জল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ভিকটিমের মা খালেদা বেগমের দায়ের করা মামলায় (নালিতাবাড়ী থানার মামলা নং ০৬, তারিখ ০৫/০৬/২০২৪) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৭/৯(১) ধারায় মামলা রুজু হয়। মামলার তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয় এবং মামলাটি বর্তমানে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন।

পুলিশ জানায়, উজ্জল ইসলাম ঘটনার পর গ্রেফতার হয়ে শেরপুর জেলা কারাগারে বন্দি ছিলেন (বন্দি নং-১৪৫৯/২৪)। তবে ২০২৪ সালের ৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে শেরপুর জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলার সময় তিনি কারাগার থেকে পালিয়ে যান। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ শেরপুর সদর থানায় মামলা দায়ের করে (মামলা নং-১০, তারিখ ১৩/০৮/২০২৪, ধারা ১৪৩/৪৪৭/১৮৬/৩৩২/৩৫৩/২২৫/৩৮৬/৪৩৬/৪২৭ পেনাল কোড)।

কারাগার থেকে পালানোর পর উজ্জল ইসলাম দীর্ঘদিন শেরপুর, নেত্রকোনা ও আশপাশের এলাকায় আত্মগোপন করে ছিলেন। তাকে গ্রেফতারের পর নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

এটি নিশ্চিত করেছেন ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল, পিপিএম, পুলিশ সুপার, মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং, এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন