বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

বন্ধুর হাতে বন্ধু খুন, নরসিংদীতে তিন জন গ্রেফতার

নরসিংদী, ২৫ মে ২০২৫:


নরসিংদীতে তুচ্ছ ঘটনায় বন্ধুর হাতে এক তরুণ খুন হয়েছেন। নিহত তরুণের নাম শুভ মিয়া (২০)। এ ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী জেলার একটি টিম অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন মো. হাবিবুর রহমান (২৪), মো. কবির হোসেন (২১) ও আহম্মাদ নাঈম (২৪)।

নিহত শুভ মিয়া

পুলিশ জানায়, ৬ মে সন্ধ্যায় শুভ মিয়া বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন সকালে তার মরদেহ খিদিরপুর টেকপাড়া এলাকার একটি ডোবায় পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বড় ভাই সাহেদ মিয়া নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্তের জন্য পিবিআই স্বউদ্যোগে গ্রহণ করে।

পিবিআই-এর তদন্তে জানা যায়, নিহত শুভ মিয়া ও আসামিরা পরস্পরের বন্ধু এবং নিয়মিত একত্রে মাদক সেবন করত। ঘটনার দিন সন্ধ্যায় শুভ মেসেঞ্জারে কল করে জানতে পারেন, তার বন্ধুরা খিদিরপুর এলাকায় আছে। তিনি সেখানে গেলে সবাই মিলে আবার মাদক সেবন করে। এ সময় মাদক সংগ্রহ নিয়ে শুভ ও হাবিবের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাবিব, কবির ও নাঈম মিলে তাকে মারধর করে এবং গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর মরদেহ ডোবায় ফেলে দিয়ে তারা পালিয়ে যায়।

পিবিআই জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে গত ২০ মে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে হাবিব ও কবিরকে এবং ২১ মে চাঁদপুরের মতলব উত্তর থেকে নাঈমকে গ্রেফতার করা হয়। আসামি হাবিবের কাছ থেকে শুভর ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

পরে আদালতে উপস্থাপন করা হলে তিন আসামিই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পিবিআই বলছে, হত্যাকাণ্ডের পেছনে আরও কেউ জড়িত থাকলে তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

পিবিআই নরসিংদী জেলার ইউনিট ইনচার্জ অতিরিক্ত ডিআইজি এস.এম. মোস্তাইন হোসেন বলেন, “বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে তদন্ত পরিচালনার মাধ্যমে মামলার প্রকৃত রহস্য উদঘাটন সম্ভব হয়েছে।” তিনি মামলার তদন্তে সাংবাদিকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন