শুক্রবার ভোরে তিনটি বিশেষায়িত লরিতে করে পারমাণবিক জ্বালানি প্রকল্প এলাকায় নেওয়া হয়। এ নিয়ে বিদ্যুৎকেন্দ্রটির জন্য মোট নয়টি চালান দেশে পৌঁছাল।
রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নবম চালান পৌঁছেছে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে তিনটি বিশেষায়িত লরিতে করে ইউরেনিয়ামের চালান প্রকল্প এলাকায় প্রবেশ করে।
নিরাপত্তাবেষ্টনীতে প্রকল্প এলাকায় নেওয়া হলো চালান
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে চালানটি প্রকল্প এলাকায় নেওয়া হয়। এ নিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য মোট নয়টি চালান দেশে পৌঁছেছে। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য এসেছে একটি অতিরিক্ত চালান এবং দ্বিতীয় ইউনিটের জন্য আটটি চালান।
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গত ১৭ নভেম্বর পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। ওই দিন সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। এর ধারাবাহিকতায় সোমবার দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে কেন্দ্রটি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট করে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।

